Site icon Daily Dhaka Press

বেতন বৃদ্ধির দাবীতে মহাসড়ক অবরোধ শ্রমিকদের

নিজস্ব সংবাদদাতা:  ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছেন একটি জুতা তৈরীর কারখানার শ্রমিকরা। তারা ফ্রেম হাউস ফুটওয়্যার লিমিটেড নামের একটি জুতা তৈরির কারখানায় কাজ করেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে তারা এ বিক্ষোভ শুরু করেন।

তবে বেলা ১১টার দিকে শ্রমিকরা মহাসড়কের নিরবচ্ছিন্নভাবে যানবাহন চলাচলের লেন থেকে সরে যান। কিন্তু কারখানার সামনে সার্ভিস লেনে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন।

কারখানার শ্রমিকরা জানান, আজ শনিবার সকাল ৮টার দিকে কারখানার পাঁচ শতাধিক শ্রমিক বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। তারা কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করেন। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ-১ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। শ্রমিকরা কারখানার এমডি না আসা পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানান। একপর্যায়ে বেলা ১১টার দিকে সেখান থেকে সরে গিয়ে কারখানার সামনে গিয়ে সার্ভিস লেনে অবস্থান নেন।

কারখানার এক শ্রমিক বলেন, ‘আমাগো ৭ হাজার ১০০ টাকা বেতন দেয়। এই টাকা দিয়ে ঘর ভাড়া, খাবার, বাচ্চার লেখাপড়া কোনো কিছুই ভালোভাবে করতে পারি না। পেটের দায়ে কাজ করতে আসছি। আমাদের বেতন বাড়াতে হবে।’

কারখানার আরেক শ্রমিক বলেন, ‘গার্মেন্টস শ্রমিকরা বেতন পায় ১২ হাজার ৫০০ টাকা। আমরা পাই ৭ হাজার ১০০ টাকা। ওদের বেতন বাড়ছে আমাদের বাড়াবে না কেন।’

কারখানা এজিএম জামান বসুনিয়া (প্রোডাকশন) বলেন, সরকার গার্মেন্টসের মতো ফুটওয়্যার সেক্টরে বেতন বৃদ্ধির ঘোষণা এখনো দেয়নি। বেতন বাড়ানোর বিষয়ে কোনো দিক নির্দেশনা নেই। চাইলেও মালিকপক্ষ বেতন বৃদ্ধি করতে পারছেন না। সরকার ঘোষণা দিলেই আমরা বেতন বৃদ্ধি করব।

একপর্যায়ে এ কর্মকর্তা এ মাসেই শ্রমিকদের কিছু টাকা বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন।

শিল্পাঞ্চল পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি বলেন, সকাল থেকে শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। তাদের মহাসড়ক (বিরতিহীন লেন) থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শ্রমিকরা এখন প্রতিষ্ঠানটির সামনে অপেক্ষা করছেন।

Exit mobile version