ক্রীড়াঙ্গন ডেস্ক: দুবাইয়ে প্যারা আরচ্যারিতে বাংলাদেশ একটি ব্রোঞ্জ পদক জিতেছে ঝুমা আক্তার। প্যারা অলিম্পিকের কোটা টুর্নামেন্টে কম্পাউন্ড নারী ব্যক্তিগত ইভেন্টে ঝুমা আক্তার ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে হারিয়েছেন আমেরিকান আরচ্যারকে। এর আগে তিনি এশিয়ান প্যারা আরচ্যারি চ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ জিতেছিলেন।
ঝুমার ১৩৮ স্কোরের বিপরীতে আমেরিকার ওয়াল্লাসি তেরেসা করেন ১৩৪। সেমিফাইনালে ঝুমা ইতালিয়ান আরচ্যারের বিপক্ষে মাত্র ১ পয়েন্টের জন্য হারেন।
বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল প্যারা আরচ্যারি এসোসিয়েশনের সভাপতি। এশিয়ান প্যারা আরচ্যারি প্রতিযোগিতার সঙ্গে প্যারা অলিম্পিকের বাছাইও অনুষ্ঠিত হয়েছে।
মূল অলিম্পিকে কম্পাউন্ড ইভেন্ট না থাকলেও প্যারা অলিম্পিকে রয়েছে। ঝুমা ব্রোঞ্জ জেতায় প্যারা অলিম্পিকে খেলার সম্ভাবনার কথা জানালেন এসোসিয়েশনের সভাপতি চপল, ‘কম্পাউন্ড নারী বিভাগে আমাদের যে অবস্থান, এতে প্যারা অলিম্পিক নিশ্চিত হওয়ার কথা। আনুষ্ঠানিক ঘোষণা আসলে আমরা বিষয়টি নিশ্চিত করতে পারব।’

