Site icon Daily Dhaka Press

৪৪তম বিসিএসের ফল প্রকাশ, ভাইভা ৮ মে

ঢাকা : ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (৩ এপ্রিল) এক বিশেষ সভাতে এই বিসিএসের ফল প্রকাশের অনুমোদন ও ভাইভা পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। এই বিসিএসে পাশ ১১ হাজার ৭৩২ জন, ভাইভা শুরু হবে ৮ মে থেকে। পিএসসি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার পাস করেছেন ১১ হাজার ৭৩২ জন। ভাইভা ৮ মে শুরু। আগের বিসিএসগুলোতে লিখিত পরীক্ষার ফলের সাথে ভাইভার তারিখ দেওয়া হতো না। পরে দেওয়া হতো। এবারে এটি আমরা যুক্ত করেছি।

একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বুধবার (৩ এপ্রিল) দুপুর আড়াইটায় সদস্যদের নিয়ে চেয়ারম্যান বিশেষ সভা ডাকেন। সভায় ৪৪ তম বিসিএসের ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।

৪৪তম বিসিএস পরীক্ষায় মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। ২০২১ সালের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি।

এরপর ২০২২ সালের ২৭ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২৫ দিনের মধ্যে ফল প্রকাশের মাধ্যমে রেকর্ড করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী পাস করেন।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

Exit mobile version