ধামরাই ( ঢাকা) প্রতিনিধি:
উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আমাকে বিতর্কিত কইরেন না, তাহলে অবশিষ্ট আর কিছুই থাকবে না । পবিত্র ঈদ উল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় কালে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
তিনি আরো বলেন, নেতাকর্মীদের মাঝে কোন বিভাজন করা যাবে না। এতে সংগঠন দূর্বল হয়ে পরবে। সকলকে একত্রে কাজ করতে হবে। গেল জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ করেও যারা নৌকার বিপক্ষে ছিল তাদের দ্বারা ধামরাই বাসী কি উপকার পেয়েছে।
নেতাকর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেনজীর আহমদ আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ পর্যন্ত ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে।
বেনজীর আহমদ আরো বলেন, জাতীয় নির্বাচনে যারা নৌকার বিপক্ষে ছিল, এর আগে উপজেলা নির্বাচনেও নৌকার বিপক্ষে ছিলো, তাদের দ্বারা জনগণের কি উপকার হয়েছে তা আপনারা দেখেছেন।
নৌকা তো বঙ্গবন্ধুর, জননেত্রী শেখ হাসিনার। যারা তার বিরোধীতা করেছে তাদের থেকে সাবধান থাকবেন ।
ধামরাইয়ের মাটিতে যেন সংগঠনের কোন ক্ষতি না হয় সে দিকে খেয়াল রাখবেন। কারণ আপনারাই নেতা, আপনারাই জনগণ আর আপনারাই ভোটার।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকুর সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এসব কথা বলেন।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে পৌরসভার ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় মুন্নু কমিউনিটি সেন্টারের নেতাকর্মীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র আলহাজ্ব গোলাম কবির, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.সোহানা জেসমিন মুক্তা, কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুধীর চৌধুরী, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল আলিম খান সেলিম, বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানসহ প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান, পৌর কাউন্সিলরসহ একাধিক নেতৃবৃন্দ।

