Site icon Daily Dhaka Press

ঝালকাঠিতে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১২

ঝালকাঠিতে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ১১ জন। তাদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে ঝালকাঠির গাবখান সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আফরুজুল হক টুটুল এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গাবখান সেতুর টোলপ্লাজায় টাকা দেওয়ার অপেক্ষায় ছিল অটোরিকশা ও প্রাইভেটকারসহ কয়েকটি গাড়ি। এসময় সিমেন্টবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সব গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে নেমে যায়। এতে প্রাইভেটকার ও অটোরিকশা ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই মারা যান আট জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যায়। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

শেষ খবর পাওয়া পর্যন্ত সিমেন্টবাহী ওই ট্রাকের নিচে চাপা পড়ে আছে প্রাইভেটকারটি। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের চেষ্টা করছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Exit mobile version