ঢাকা : নাগরিক টিভিতে ঈদুল ফিতরের দিন থেকে সন্ধ্যা ৭টায় প্রচারিত হচ্ছে নির্মাতা নাসিম সাহনিকের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় ঈদুল ফিতরের সাত পর্বের ধারাবাহিক ‘প্রেমিকা এখন হোস্টেলে’।
একটি গার্লস হোস্টেলের বোর্ডারদের পারস্পরিক সম্পর্ক নিয়ে গড়ে উঠেছে এই ধারাবাহিক নাটকের কাহিনী। সি ক্লিক নিবেদিত স্মার্ট হোস্টেল সহনিবেদিত সাত পর্বের এই নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তামিম খন্দকার, কচি খন্দকার, জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা, আযম খান, তানভির মাসুদ, তনুশ্রী, নীলা, পিংকি, মিম, সুমাইয়া ও মামুন প্রমুখ।
অভিনেতা কচি খন্দকার জানান, একটি গার্লস হোস্টেলকেন্দ্রিক নানারকম চরিত্র আর তাদের পারস্পরিক সম্পর্ক দেখানো হয়েছে এই নাটকে। নাটকে আমার চরিত্রটি দর্শককে আনন্দ দেবে বলে আমার বিশ্বাস।
অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা জানান, নাসিম সাহনিক ভাইয়ের সাথে এটি আমার প্রথম কাজ। তিনি বেশ গুছিয়ে কাজ করেন। তার গল্প বলার ভঙ্গি আর নির্মাণশৈলীর ভক্ত হয়ে গিয়েছি আমি। গার্লস হোস্টেলে থাকা ভার্সিটি পড়ুয়া এক ছাত্রীর চরিত্রে কাজ করছি। আশা রাখি দর্শক নাটকটি উপভোগ করবেন।
নির্মাতা নাসিম সাহনিক জানান, গার্লস হোস্টেলে থাকা বেশ কয়েকজন মেয়ের অভিজ্ঞতা জানবার সুযোগ হয়েছিল। এছাড়া গল্পের প্রয়োজনে বেশকিছু হোস্টেল স্টাডি করে চিত্রনাট্য করা হয়েছে এই ফিকশনটির। সকলে দারুণ অভিনয় করেছেন। আশা করি, দর্শকদের পরিপূর্ণ তৃপ্তি দেবে নাটকটি।

