
ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে লামিয়া খাতুন (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী হৃদয় হাওলাদার (২৫) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার সুবিদপুর ইউনিয়নের সুবিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত হৃদয় হাওলাদার ওই এলাকার আলী আকব্বর হাওলাদারের ছেলে। তিনি দিনমজুরের কাজ করেন।নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত লামিয়ার খালু কালাম খান বলেন, সোমবার দিবাগত রাত ২টার দিকে হৃদয় লামিয়ার বাবাকে ফোন দিয়ে বলেন আপনার মেয়ে অসুস্থ সকালে নিয়ে যাবেন। পরে রাতেই তারা ওই বাড়িতে গিয়ে দেখেন লামিয়া মারা গেছেন। আমাদের ধারণা তাকে মারধর করে মেরে ফেলা হয়েছে। পরে সকালে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহত লামিয়ার শাশুড়ি বুলু বেগম বলেন, গত রাত ১টার দিকে আমার ছেলের স্ত্রী অসুস্থ হয়ে পড়ে এবং শরীরে জ্বালাপোড়া শুরু হয়। পরে রাতেই তার মৃত্যু হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে। আমরা এখনো এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.