Site icon Daily Dhaka Press

ইবিতে ইস্তিসকার সালাত আদায়

ইবি প্রতিনিধি: প্রচন্ড তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টি কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ধর্মতত্ত্ব অনুষদের উদ্যোগে সালাতুল ইস্তিস্কার বা বৃষ্টির জন্য দুই রাকাত সুন্নত নামাজ আদায় করা হয়েছে। 

সোমবার(২৯ এপ্রিল) বেলা ১১ টায় কেন্দ্রীয় ফুটবল মাঠে ইস্তিস্কার সালাত আদায় করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, ভ্যানচালক ও স্থানীয় এলাকাবাসী। সালাত পরিচালনা করেন ইবি কেন্দ্রীয় মসজিদে ইমাম ও খতিব মোঃ আশরাফ উদ্দিন খান।

শিক্ষার্থীরা জানান, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে ক্যাম্পাসে টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। সকাল থেকে সন্ধ্যা অব্দি এই তীব্র রোদে চারপাশ গরম হয়ে থাকে। এই নামাজের উছিলায় মহান আল্লাহ যেন পাপ ক্ষমা করে বৃষ্টি বর্ষণ করেন।

এক ভ্যানচালক বলেন, আমাদের মাঠঘাট শুকিয়ে যাচ্ছে। নলকূপে পানি পাওয়া কষ্টকর হয়ে উঠেছে এই তাপে। এই গরমে ভ্যান চালাতেও অনেক কষ্ট হয়। বিশ্ববিদ্যালয় থেকে বৃষ্টির জন্য নামাজ হবে শুনে আমিও অংশ নিয়েছি।

কেন্দ্রীয় মসজিদের ইমাম খতিব মোঃ আশরাফ উদ্দিন বলেন, এই সালাতের মূল উদ্দেশ্য তওবা ইস্তেগফার করা। আল্লাহ তায়ালা বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন নামাজের হুকুম করেছেন। তাই দেশ বা সমাজ যখন কোনো খরতাপে পড়ে যায় বা এমন প্রাকৃতিক দুর্যোগে পতিত হয় তখন আমরা সালাতুল ইস্তিসকার আদায় করি।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রথমবার তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হয়। এরপর কয়েক ধাপে তা বাড়ানো হয়। এরপর গতকাল ২৮ এপ্রিল আবারও আবহাওয়া অধিদপ্তর আগামী ৭২ ঘন্টার জন্য নতুন করে হিট এলার্ট জারি করে।

Exit mobile version