Site icon Daily Dhaka Press

‘গরমে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’

রাজবাড়ী: নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ যদি ভালো পরিবেশ পায় তাহলে তারা ভোটকে উৎসব হিসেবে মনে করে। আমরা মনে করি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি ভালো হবে। তবে গরমের কারণে মানুষের একটু কষ্ট হবে। তারপরেও মানুষ ভোট দিতে আসবে।

সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষ্যে জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, ভোটার উপস্থিতির ক্ষেত্রে আপনারা দেখেছেন গতকাল দেশের বিভিন্ন স্থানে যে নির্বাচন হয়েছে সেখানে এই তীব্র গরমের মধ্যেও কোনো কোনো কেন্দ্র ৭০ ভাগ, কোনো কোনো কেন্দ্রে ৮০ এবং ৬০ ভাগ ভোটার উপস্থিতি হয়েছে। কারণ নিশ্চই মানুষের মধ্যে একটা আস্থা এসেছে যে এখন ভোট দেওয়া যায়, আমার ভোট আমি দিতে পারব।

মো. আলমগীর বলেন, কোনো মন্ত্রী, এমপি বা সরকারের বিভিন্ন পদে অধিষ্ঠিত বড় কোনো কর্মকর্তার কোনো আত্মীয়-স্বজন প্রার্থী হলে তারা তাদের পক্ষে প্রচার চালাতে পারেন বা পক্ষ অবলম্বন করতে পারেন। এ বিষয়ে তাদের কঠোর বার্তা দেওয়া হয়েছে যে এটা তারা করতে পারবেন না। তারপরেও যদি তারা এ কাজ করেন তাহলে প্রার্থীর যেমন প্রার্থিতা বাতিল হবে, ঠিক একইভাবে ওই মন্ত্রী, এমপি বা কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Exit mobile version