
চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অসীম জাওয়াদ নামে এক পাইলট নিহত হয়েছেন। চিকিৎসা নিচ্ছেন আহত কো-পাইলট।
বৃহস্পতিবার (৯ মে) দুপুরে পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় পাইলট জাওয়াদ মারা যান।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। আকাশে আগুন ধরার পর সেটি পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় বিধ্বস্ত হয়। এর আগে বিমানের পাইলট ও কো-পাইলট প্যারাসুটে নামেন। পরে চিকিৎসাধীন অবস্থায় পাইলট অসীম জাওয়াদ মারা যান।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, সকাল সাড়ে ১০টার দিকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান ওয়াইএকে১৩০-এ আগুন ধরে যায়। এ সময় পাইলট ও কো-পাইলট প্যারাসুটে নেমে আসেন। পরে বিমানটি টার্মিনালের বে এরিয়ায় বিধ্বস্ত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুই পাইলটকে আহত অবস্থায় পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে পাইলট অসীম জাওয়াদ মারা যান। আহত কো-পাইলট চিকিৎসাধীন আছেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.