Site icon Daily Dhaka Press

ব্যারিকেড ভেঙে চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভ, আটক ১৫

ঢাকা : পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীরা। আন্দোলন ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে অন্তত ১৫ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশি বাধা অতিক্রম করে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। এর আগে বিকেল পৌনে ৩টার দিকে রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা নিয়ে গণভবন অভিমুখে যাত্রা করলে পুলিশ তাদের বাধা দেয়।

আন্দোলনকারীরা জানান, তাদের ১৫-১৬ জনকে আটক করেছে পুলিশ। সেসময় সাংবাদিকদের ওপরও লাঠিচার্জ করা হয়। আটকদের ছাড়িয়ে আনতে গেলে পুলিশ তাদের সঙ্গেও খারাপ ব্যবহার করে।

এর আগে দুপুর ১১টা থেকে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে ‘চাকরির বয়স ৩৫ প্রত্যাশী সমন্বয় পরিষদ’র ব্যানারে সমাবেশ শুরু করেন আন্দোলনকারীরা। আন্দোলন ও আটকের বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Exit mobile version