
কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি নিয়ে আজও রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা। আজ দ্বিতীয় দিনের মতো শুরু হচ্ছে এই কর্মসূচি। আন্দোলনের মূল পয়েন্ট শাহবাগ অবরোধের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা।
এখান থেকে মিছিল করে ক্যাম্পাস ঘুরে তারা যাবেন শাহবাগ অবরোধে। আর রাজধানীর অন্যান্য এলাকায় এরই মধ্যে রাজপথের বিভিন্ন পয়েন্ট মিছিল করে জড়ো হচ্ছেন আন্দোলনকারী।
সোমবার (৮ জুলাই) দুপুর ৩টার দিকে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ডিপার্টমেন্ট থেকে শিক্ষার্থীরা আলাদাভাবে ব্যানার ও মিছিল নিয়ে এসে জড়ো হচ্ছেন লাইব্রেরির সামনে। একের পর মিছিল আসছে, আর তারা হাততালি দিয়ে স্বাগত জানাচ্ছেন। সঙ্গে কোটাবিরোধী স্লোগান দিচ্ছেন।
বেলা সাড়ে ৩টার দিকে বাংলা ব্লকেডের দ্বিতীয় দিনের মিছিল শুরু করেন সাত কলেজের শিক্ষার্থীরা। ঢাকা কলেজের সামনে থেকে শুরু হয় মিছিল। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাবের দিকে যান আন্দোলনকারীরা। মিছিলটি মিরপুর সড়কের সায়েন্সল্যাব মোড় ঘুরে নীলক্ষেত মোড়ের দিকে যায়। এ সময় এই রাস্তার যান চলাচল অনেকটাই কমে যায়।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.