Site icon Daily Dhaka Press

উত্তাল শাহবাগ

সরকারি চাকরির সব গ্রেডে কোটা প্রথা যৌক্তিক পর্যায়ে সংস্কার করতে চতুর্থ দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগ মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে যান।

সেখানে পুলিশ ব্যারিকেড দেয়। শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীদের একটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে চলে গেছে। আরেকটি অংশ শাহবাগে রয়ে গেছে।

শিক্ষার্থীদের যে অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে চলে গেছে, তাদের পেছনে পুলিশ যাচ্ছে। গো ব্যাক স্লোগান দিয়ে পুলিশ জলকামান পিছিয়ে নিচ্ছে। পাশাপাশি বঙ্গবন্ধু মেডিকেলের গেটে মেট্রোর নিচে ব্যারিকেড দিয়েছে। মেট্রোর নিচে পুলিশ-শিক্ষার্থী মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়েছে।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে টানা অবরোধ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত ৭ জুলাই থেকে ‘বাংলা ব্লকেড’ নামে কর্মসূচি শুরু হয়। প্রথম দু-দিন অর্ধদিবস অবরোধ চলার পর মঙ্গলবার একদিন বিরতি দিয়ে গতকাল বুধবার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি চলে।

Exit mobile version