
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আগামীকাল শুক্রবার (১২ জুলাই) বিকেল ৪টায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত পৌনে ৯টার দিকে শাহবাগে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ঢাবি শিক্ষার্থী নাহিদ ইসলাম।
জানা যায়, কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুপুর থেকে জড়ো হতো থাকে আন্দোলনকারী শিক্ষার্থীরা। অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে সর্বাত্মক প্রতিহত করতে শাহবাগে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ। সেই সঙ্গে শিক্ষার্থীরা যাতে শাহবাগ অতিক্রম করতে না পারে সেজন্য দেওয়া হয়েছিল লোহার তারকাটা ব্যারিকেড।
বৃহস্পতিবার (১১ জুলাই) দিনভর এমন আয়োজনের পর বিকাল ৫ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কয়েক হাজার শিক্ষার্থীর বিক্ষোভ মিছিল সেই ব্যারিকেড অতিক্রম করতে লেগেছিল মাত্র কয়েক সেকেন্ড। তবে এটাও স্পষ্ট ছিল- সর্বোচ্চ ধৈর্য্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে ডিএমপির পুলিশ। কোনো ধরণের সংঘাতে না গিয়ে পিছু হটে পরিস্থিতি নিজেদের অনুকুলে রেখেছিল।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.