কোটাবিরোধী আন্দোলনে রাজধানীর সড়কে থাকা আন্দোলনকারীদের কারণে মহানগরের প্রগতি সরণির নতুন বাজার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। তীব্র এ যানজটে যানবাহন চলাচল বন্ধ হলে ভোগান্তিতে পড়েছে যাত্রী সাধারণ ও এলাকার বাসিন্দারা।
সোমবার দুপুরের পর শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করে। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শত শত শিক্ষার্থী নতুন বাজার থেকে রামপুরাগামী রাস্তা অবরোধ করে আন্দোলন করছে।
নতুন বাজার এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ওই এলাকার দুপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দুপাশের রাস্তায় শতাধিক যানবাহন আটকে পড়েছে। শিক্ষার্থীদের আন্দোলনে বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদেরও রাস্তায় দেখা গেছে। এসময় তারা শিক্ষার্থীদের পরিচয়পত্র পরীক্ষা করে দেখেন।
আন্দোলনে আসা শিক্ষার্থীদের ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ’৫২-এর হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে নতুন বাজার এলাকায় পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে । পুলিশের প্রায় অর্ধশত সদস্য ভাটারা থানার সামনে অবস্থান নিয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে আন্দোলন করছে। আমরা শিক্ষার্থীদের বোঝাচ্ছি তারা যেন রাস্তা ছেড়ে চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে একই দাবিতে কুড়িল এলাকায় রাস্তা অবরোধ করে আন্দোলন করছে বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের কারণে কুড়িল থেকে বিমানবন্দরগামী সড়ক ও কুড়িল থেকে রামপুরাগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

