Site icon Daily Dhaka Press

ইবির বঙ্গবন্ধু হলের পকেট গেট বন্ধ করে দিল প্রশাসন

ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পেছনে পার্শ্ববর্তী আনন্দনগর, শেখপাড়া ও অন্যান্য এলাকায় মেসে অবস্থানরত শিক্ষার্থীদের যাতায়াতের জন্য থাকা পকেট গেটটি নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই এমন সিদ্ধান্তে অনিশ্চয়তা ভর করছে শিক্ষার্থীদের মাঝে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল পাঁচটার দিকে সরজমিনে দেখা যায়, হলের পিছনে থাকা পকেট গেটের উপরে তিনদিকে এবং গেটের পাল্লার নিচের পাতের সাথে রড ঝালাই করে আটকে দেওয়া হচ্ছে। প্রকৌশল অফিসের এক কর্মকর্তা উপস্থিত থেকে ঝালাই মিস্ত্রি দিয়ে গেটটি ঝালাই করে বন্ধ করে দেওয়ান। এসময় এই গেট দিয়ে যাতায়াতকারী শিক্ষার্থী অনেকেই ফিরে যান।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রকৌশলী কে. এম. শরীফ উদ্দিন বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধু হলের পকেট গেট কে ঝালাই করে বন্ধ করে দেওয়ার নির্দেশনা পেয়েছি। প্রশাসন কেন এই সিদ্ধান্ত নিয়েছে তা বলতে পারবো না। তবে প্রক্টর মহোদয়ের নির্দেশ পেয়ে আমরা এই কাজ করেছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, আজকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমাদের গোয়েন্দা সংস্থার সদস্যরা শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পকেট গেটগুলো বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছে। এতগুলো গেট আসলে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে নেওয়া কঠিন। এরই প্রেক্ষিতে আমাদের প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক গেটটি বন্ধ করে দেওয়া হচ্ছে।

Exit mobile version