প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৬, ৯:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২৪, ১২:১৫ অপরাহ্ণ
ব্যান্ড তারকা শাফিন আহমেদ আর নেই

দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা, সংগীতশিল্পী ও সুরকার শাফিন আহমেদ আর নেই। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভাই হামিন আহমেদ। শাফিনের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। তার বয়স হয়েছিল ৬৩ বছর।
যুক্তরাষ্ট্রের একটি সূত্র জানিয়েছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শাফিন আহমেদকে ভার্জিনিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। দুদিন লাইফ সাপোর্টে রাখার পর আজ ভোর ৬টা ৫০ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২০ জুলাই ভার্জিনিয়াতে শাফিনের একটি কনসার্ট ছিল। কিন্তু তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শো বাতিল করেন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি জন্ম শাফিন আহমেদের। মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সংগীতঙ্গ কমল দাশগুপ্ত। ফলে ছোটবেলা থেকে পারিবারিকভাবে গানের আবহে বড় হন শাফিন। শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গ সংগীত আর মায়ের কাছে শেখেন নজরুল সংগীত।
পরবর্তী সময়ে পড়াশোনার সুবাদে বড়ভাই হামিন আহমেদসহ যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানেই শাফিন পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে আসেন এবং ব্যান্ড সংগীত শুরু করেন। পরে দেশে ফিরে গড়ে তোলেন মাইলস ব্যান্ড। তিনি মাইলসের বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক ছিলেন। বিবাদের জেরে কয়েক বছর আগে মাইলস থেকে বেরিয়ে ‘রিদম অব লাইফ’ নামে নতুন ব্যান্ডদল গড়ে তোলেন শাফিন।
মাইলসের বেশির ভাগ গানে কণ্ঠ দিয়েছেন শাফিন আহমেদ। তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘আজ জন্মদিন তোমার’। শাফিন আহমেদের দাফনের বিষয়ে এক্ষুণি কিছু জানাতে পারেননি তার শোকসন্তপ্ত পরিবার।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.