Site icon Daily Dhaka Press

সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

ছবি : সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশব্যাপী পালিত হবে এ শোক। সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, ‘শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাচ ধারণ করা হবে। মসজিদে দোয়া, মন্দির-গির্জা-প্যাগোডায় প্রার্থনা করা হবে।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমি সেটিই আপনাদের জানিয়েছি।’ কালো ব্যাচ কি শুধু সরকারি চাকরিজীবীরাই ধারণ করবেন, না কি সব মানুষ ধারণ করবে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সকলেই।’ মন্ত্রিসভার এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, কখনো বলা হচ্ছে ৫০০, কখনো বলা হচ্ছে ১০০০। অথচ সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত ১৪৭ জন মারা গেছে বলে আমাদের হিসাবে রয়েছে। এখানে বিভিন্ন শ্রেণির মানুষ রয়েছে, বিভিন্ন বয়সের মানুষ রয়েছে।‌ বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছেন। বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা থেকে নিহতের এ সংখ্যা পাওয়া গেছে বলেও জানান মন্ত্রী।

Exit mobile version