
রাজধানীতে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। এ সময় লাঠিচার্জ করে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। পরে এসব স্থান থেকে এখন পর্যন্ত মোট ২০ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) দুপুর ১টা পর্যন্ত এসব তথ্য পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার পর থেকে পল্টন, মিরপুর-১০, ইসিবি চত্বর ও ধানমন্ডির স্টার কাবাবের সামনে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। এ সময় পল্টন ও ইসিবি চত্বরে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ।
দায়িত্বরত পুলিশের সদস্যরা জানান, বিক্ষোভকারীর গলির ভেতরে থেকে ইটপাটকেল ছুড়ছিল। পরে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির জানিয়েছেন, বিক্ষোভ কর্মসূচির সময় মিরপুর ১০ নম্বরের গোলচত্বর থেকে ১০ জনকে আটক করা হয়েছে। তারা পুলিশ হেফাজতে রয়েছেন।
এ ছাড়া, ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে ১০ জনকে আটকের কথা জানিয়েছেন নিউমার্কেট জোনের সহকারী কমিশনার মো. রেফাতুল ইসলাম।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ ঢাকার আটটি স্থানে বিক্ষোভ কর্মসূচি হবে বলে জানানো হয়েছিল। এই আট স্থান হচ্ছে- সায়েন্স ল্যাব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেট, প্রেসক্লাব, উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর-১০, মিরপুরের ইসিবি চত্বর, রামপুরা ও মহাখালী।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.