কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতির মধ্যেই নতুন কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঘোষিত কর্মসূচি অনুসারে রোববার (০৪ আগস্ট) রাজধানী ঢাকা ও জেলা শহরে জমায়েত কর্মসূচি পালন করবে দলটি।
এছাড়া আগামীকাল সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টায় শোক র্যালি করা হবে। র্যালিটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হবে।
দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার (৩ আগস্ট) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।
কাদের বলেন, রোববার ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরীতে জমায়েত। আর ৫ আগস্ট আমরা আমাদের স্থগিত শোক মিছিল কর্মসূচি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করব।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেন।
নাহিদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র-নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক, ছাত্রসংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব।
নাহিদ আরও বলেন, শুধু শেখ হাসিনা নন, মন্ত্রিসভাসহ পুরো সরকারকে পদত্যাগ করতে হবে। এই ফ্যাসিবাদী শাসনব্যবস্থার বিলোপ করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই, যেখানে আর কখনো কোনো ধরনের স্বৈরতন্ত্র-ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে।

