Site icon Daily Dhaka Press

দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা

ছবি : ইন্টারনেট

দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ৩টার দিকে এই নির্দেশনায় তিনি সংসদ বিলুপ্ত ঘোষণা করেন।

এর আগে সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেলা ৩টার মধ্যে সংসদ বিলুপ্ত ঘোষণার আলটিমেটাম দেয়। এই সময়ের মধ্যেই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হলো।

রাষ্ট্রপতির কার্যালয়ের উপ-প্রেস সচিব মুহা. শিপলু জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।

এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে এবং ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে এবং ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গতকাল সোমবার (৫ আগস্ট) পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন জানান, অনতিবিলম্বে সংসদ বিলুপ্ত ঘোষণা করা হবে এবং দ্রুত সময়ের মধ্যে সব দলের অংশগ্রহণে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Exit mobile version