নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে শপথ নেয়া বাকি ছিলেন বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা ও ফারুক–ই–আজম। ঢাকার বাইরে থাকায় ওইদিন শপথ নিতে পারেননি তারা। আজ রোববার (১১ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে বঙ্গভবনে এদের মধ্যে দুইজন ( বিধান রঞ্জন রায়,সুপ্রদীপ চাকমা) কে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে শপথবাক্য পাঠ করান। এ নিয়ে প্রধান উপদেষ্টাসহ শপথ নিলেন ১৬ উপদেষ্টা। এখন পর্যন্ত শপথ নেননি ফারুক-ই-আজম। এছাড়া এদিন শপথ নিয়েছেন নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
গত ৮ আগস্ট রাতে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় আরও ১৩ জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছে শপথগ্রহণ করেন। গত সোমবার (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই বিলুপ্ত হয় মন্ত্রিসভা এবং বৃহস্পতিবার শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। গত শুক্রবার শপথ নেয়া প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামরিক–বেসামরিক কর্মকর্তা ও কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।

