ডিডিপি ডেস্ক: সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ১৫ দফা দাবি নিয়ে ক্যাম্পাসের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সংকট নিরসনে আশানুরূপ আশ্বাস না পাওয়া পর্যন্ত গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অবস্থান কর্মসূচি চালিয়ে যান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের পক্ষ হতে নিম্নোক্ত যৌক্তিক দাবিগুলো হলো-
- বিগত এক মাসে কমবেশি সকলেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে তাই সকল শিক্ষার্থীর আর্থিক অবস্থা বিবেচনা করে চলমান সেমিস্টারে সকল শিক্ষার্থীদের অতিরিক্ত যে ২০% ওয়েভার দেওয়া হয়েছে সেটির পরিবর্তে সর্বনিম্ন অতিরিক্ত ৩৫% শর্তহীনভাবে ওয়েভার এর ব্যবস্থা করতে হবে। পাশাপাশি চলমান আন্দোলনে যেসকল শিক্ষার্থীরা আহত হয়েছে পর্যাপ্ত মেডিক্যাল প্রমান সাপেক্ষে তাদের চলমান সেমিস্টারের টিউশন ফী শতভাগ মউকুফ করতে হবে। এবং, যেসকল শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগের হয়ে সাধারণ শিক্ষার্থীদের সরাসরি হামলা, অনলাইনে/অফলাইনে ভয়ভীতি, হুমকি ও ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান করেছে সেসকল শিক্ষার্থীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে ও তারা যেন এই অতিরিক্ত ওয়েভার এর সুবিধা না ভোগ করতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
- চলমান সেমিস্টারে মিড-পরীক্ষার সিলেবাসের উপর পরীক্ষার পরিবর্তে অ্যাসাইন্টমেন্ট নেওয়া এবং ফাইনাল পরীক্ষার সিলেবাস ও মার্কস অপরিবর্তিত রাখতে হবে।
- বিশ্ববিদ্যালয়ের যে ৪ জন শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ হয়েছেন, বিশ্ববিদ্যালয়ের গেট, এক্সাম হলের নাম পরিবর্তন করে তাদের নাম অনুযায়ী রাখাতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরে তাদের স্মরণে স্মৃতিফলক স্থাপন করতে হবে।
- নিড বেসড ওয়েভার পুনরায় চালুর ব্যবস্থা করতে হবে।
- গ্রেড ইম্প্রভমেন্ট ফি ৫০% কমানো, অন্য সব ইউনিভার্সিটির মতো ইম্প্রভমেন্ট সিস্টেম আলাদা ভাবে চালু করা।
- ক্লাস অ্যাটেনডেন্স নেওয়ার সময় কমপক্ষে ৩০ মিনিট নির্ধারণ করা।
- পর্যাপ্ত পরিমাণ ও অভিজ্ঞ ফ্যাকাল্টিদের স্থায়ীভাবে নিয়োগ এবং রিসার্চ পরিধি বৃদ্ধি করতে হবে।
- ব্রাউজিং ল্যাব তৈরি এবং নির্দিষ্ট পরিমাণ ফ্রি প্রিন্টিং সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সকল ল্যাব এবং ক্লাস রুমের ফ্যাসিলিটিস বৃদ্ধি করা। এছাড়াও সকল ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টাল লাইব্রেরী দ্রুত চালু করা।
- শিক্ষার্থীরা শুক্র ও শনিবারেও টিউশন ফী জমা দিতে পারে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে যৌক্তিক ফী নির্ধারণ করতে হবে।
- ডিপ্লোমা ও উইকেন্ড শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শুক্র ও শনিবার দুইদিন বিশ্ববিদ্যালয়ের গেমস রুম ও ক্লাব রুম খোলা রাখতে হবে।
- Teaching Assistant সিস্টেম চালু করা এবং বিশ্ববিদ্যালয়ের মালিকপক্ষের Industry বা Company শিক্ষার্থীদের কে মেধার ভিত্তিতে পার্ট টাইম ও ফুল টাইম জবের সুযোগ করে দেওয়া।
- কম্পিটিটিভ প্রোগ্রামিং, জব ফেয়ারসহ শিক্ষার্থীদের উন্নত ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস আয়োজনের দিকে বিশেষ নজর দেওয়া, পাশাপাশি সকল ক্লাব গুলকে একটিভ করা এবং পর্যাপ্ত বাজেট প্রণোয়ন নিশ্চিত করতে হবে।
- দ্রুত বাস সার্ভিস চালু করা, ক্যাম্পাসে ওয়াই-ফাই রেঞ্জ এবং স্পিড বৃদ্ধি করা এবং ইউএমএস সার্ভারের সক্ষমতা বৃদ্ধি করা।
- ক্যাফেটেরিয়া এর খাবার এর মান এবং মান অনুযায়ী বাইরের তুলনায় অতিরিক্ত দাম নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে হবে। ক্যাফেটেরিয়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করতে হবে।
- বিশ্ববিদ্যালয়ের সকল প্রবেশমুখে শিক্ষার্থীদের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে। অপ্রয়োজনে কোন ধরনের কোন যানবাহন বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিতে পারবে না সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে সিএসই ডিপার্টমেন্টের শিক্ষার্থী আজমাঈনুর রহমান সামির বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও স্টুডেন্ট ফ্রেন্ডলি ক্যাম্পাস গড়ে তোলার লক্ষে গত ২২ আগষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ১৫ দফার দাবী উত্থাপন করা হয়। কিন্তু গত ১ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের উত্থাপিত সকল দাবী মেনে নেওয়া হয়নি এবং মেনে নেওয়া হবে মর্মে কোনো লিখিত নোটিশ দেওয়া হয়নি। সেই জন্য আমাদের দাবী আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীদের পক্ষ থেকে গতকাল সোমবার অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। অতঃপর দীর্ঘ ৬ঘন্টা কর্মসূচির মাধ্যমে আমাদের সব দাবীগুলো মেনে নেওয়া হয় এবং দ্রুতই দাবিগুলোর উপর কাজ করা হবে বলে জানান ভিসি স্যার। সেই সাথে ২০% ওয়েভার কে বাড়িয়ে ৩০% করা হয়। এই মর্মে প্রতিটি শিক্ষার্থীকে মেইল করে জানিয়ে দেওয়া হয় সাউথইস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে।