
ডিডিপি ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট- বিএনএফ এর প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিএনএফ প্রেসিডেন্ট মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনএফ প্রেসিডেন্ট বলেন, ১৯৭৭ সনের জেনারেল জিয়ার গণভোট পরবর্তী জাতীয়তাবাদী ফ্রন্ট গঠনকালে তাঁর সঙ্গে আমার পরিচয় ঘটে সাবেক সিনিয়রমন্ত্রী জাতীয়তাবাদী দলের অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম মশিয়ূর রহমান যাদু মিয়া'র মাধ্যমে।

এই সাবেক প্রেসিডেন্ট'র চিকিৎসা, সংস্কৃতি ও রাজনৈতিক অঙ্গনে সমান পদচারণা ছিল। তিনি সদালাপী ও বন্ধুবৎসল চিকিৎসা বিজ্ঞানী ছিলেন এবং তিনি পরিবারের সদস্যদের প্রতি যথেষ্ট যত্নশীল ছিলেন।
উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত পৌনে তিনটায় উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী হাসিনা ওয়ার্দা চৌধুরী, এক ছেলে দুই মেয়ে রেখে গেছেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.