
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি কর্তৃক আটককৃত ৫ বাংলাদেশি জেলেকে ফেরত আনলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৯ অক্টোবর) দুপুরে আটককৃত জেলেদেরকে বিজিবির নিকট হস্তান্তর করে আরাকান আর্মি।
গত ৭ অক্টোবর টেকনাফের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকা হতে ৫ জন বাংলাদেশি জেলে একটি ট্রলারযোগে মাছ ধরার উদ্দেশে নাফ নদীতে গমন করে। মাছ ধরতে গিয়ে একপর্যায়ে তারা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শুন্য লাইন অতিক্রম করে মিয়ানমার জলসীমার কাইং চং নামক স্থানে ঢুকে পড়ে। এ সময় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অবৈধ অনুপ্রবেশের দায়ে ট্রলারসহ ৫ বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে যায়।
এরপর বিজিবি’র ঐকান্তিক প্রচেষ্টা ও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আজ বুধবার আটককৃত জেলেদেরকে ফেরত আনা হলো।
উল্লেখ্য, ২০১৭ সালের রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনার পর থেকে নাফ নদীতে মাছ ধরা নিষেধ করা হয়েছে। তথাপিও বাংলাদেশের জেলেরা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রায় সময় নাফ নদীতে মাছ ধরতে যায়। এ বিষয়ে সতর্ক থাকার জন্য বিজিবি’র পক্ষ সবাইকে অনুরোধ করা হয়েছে।
আরাকান আর্মির হাতে আটককৃত বাংলাদেশি নাগরিকগণ হলেন- টেকনাফের শাহপরীরদ্বীপের আব্দুর রহিমের ছেলে মো. আলম (২২), আব্দুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩) ও মোঃ সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলাম এর ছেলে মো. বোরহান উদ্দিন (১৯) এবং খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।
পরবর্তীতে বিজিবি কর্তৃক আটককৃত বাংলাদেশি নাগরিকদেরকে নিকটতম আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.