
নিজস্ব প্রতিবেদক: বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী রমনা কালী মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন করেছেন।
বিজিবি মহাপরিচালক গত ১২ অক্টোবর বিকেলে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের বহির্ভাগে অবস্থিত শ্রী শ্রী রমনা কালী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং রমনা কালী মন্দিরের সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি অপর্ণা রায় ঘোষ ও সদস্য সচিব বিশ্বজিৎ ভদ্র সহ অন্যান্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা) ও ঢাকা সেক্টর কমান্ডারসহ বিজিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক সাংবাদিকদের বলেন, বৈষম্যবিহীন নতুন দেশ গড়ার প্রত্যয় আমরা যে ব্রত নিয়েছি, সনাতন ধর্মাবলম্বীরাও সেই ব্রত নিয়ে তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা অত্যন্ত স্বাড়ম্বরপূর্ণ পরিবেশে পালন করছে। বর্তমান অন্তবর্তী সরকারের নির্দেশে সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সনাতন ধর্মাবলম্বী সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের দুর্গাপূজা অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে সারাদেশে সব জায়গাতে বিভিন্ন পূজামণ্ডপে প্রহরা দিচ্ছে। আগামী আর একটা দিন বাকি আছে, বাকী সময়টুকুতেও সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এবারের দুর্গাপূজা অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হবে এই আশাবাদ ব্যক্ত করেন বিজিবি মহাপরিচালক।
পরে রমনা কালী মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি অপর্ণা রায় দাস বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের অখণ্ডতা রক্ষার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী প্রায় ২ হাজার পূজামন্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান করে যাচ্ছে। বিজিবির এধরনের কর্মকাণ্ড সকলের কাছে অত্যন্ত প্রশংসিত হচ্ছে। দুর্গাপূজাকে ঘিরে সারা দেশব্যাপী বিজিবির এই কার্যক্রমে সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করছে এবং বিজিবির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। তিনি দুর্গাপূজায় দায়িত্বরত সকল বিজিবি সদস্যকে সাধুবাদ জানান এবং বিজিবির উত্তরোত্তর সমৃদ্ধিও কল্যাণ কামনা করেন।

উল্লেখ্য, সারাদেশে সীমান্তের ০৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রায় ২ হাজার পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা বিধানে সর্বমোট ৩১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা যাতে অনধিক ১৫-৩০ মিনিটের মধ্যে পূজামণ্ডপে পৌঁছাতে পারে সেজন্য পূজামণ্ডপের আশেপাশে সুবিধাজনক স্থানে ৮৮টি বেইজ ক্যাম্প স্থাপন করে ৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রতিটি ব্যাটালিয়নে অতিরিক্ত ২ প্লাটুন করে বিজিবি সদস্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে। এছাড়াও রাজধানী ঢাকার মন্দির বা পূজামন্ডপ সমূহের সার্বিক নিরাপত্তা বিধানে বিজিবি'র ঢাকা সেক্টরের তত্ত্বাবধানে ৪ প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.