Site icon Daily Dhaka Press

স্নাতকে সিজিপিএ ৩.৮৯ জবি শিবিরের দাওয়া সম্পাদকের

জবি প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ১৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির দাওয়াহ সম্পাদক হিসেবে আছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম স্নাতকে ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং সিজিপিএ-৪ এর মধ্যে ৩.৮৯ পেয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) এ তথ্য জানান আরিফুল ইসলাম।
এর আগে শুক্রবার রাতে জবির ছাত্রশিবিরের ফেসবুক ওয়েবসাইটে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সেখানে দাওয়াহ সম্পাদক হিসেবে আরিফুল ইসলামের নাম উল্লেখ করা হয়।

আরিফুল ইসলাম স্নাতকে ৩.৮৯ সিজিপিএ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম হন। বর্তমানে তিনি মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টারে অধ্যয়ন করছেন। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটের অধীনে আরবি ভাষার ডিপ্লোমা কোর্সে অধ্যয়ন করছেন তিনি। আরিফুলের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামে। আরিফুল দাখিলে (এসএসসি) জিপিএ-৫, আলিম (এইচএসসি) ৪.৯৩ অর্জন করেন।

আরিফুল ইসলাম জানান, তিনি স্নাতকে ৩.৮৯ পেয়ে এখন মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারে অধ্যয়নরত আছে। স্নাতকে ৪টি সেমিস্টারে সিজিপিএ ৪-এর মধ্যে ৪ ছিল তার। বাকি ২ সেমিস্টারে অসুস্থ থাকার কারণে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। তাই সিজিপিএ ৪-এর মধ্যে ৪ আসেনি।

সাংগঠনিক পথচলা বিষয়ে জানতে চাইলে আরিফুল ইসলাম বলেন, ষষ্ঠ শ্রেণিতে পড়া অবস্থায় স্থানীয় দায়িত্বশীলদের মাধ্যমে ইসলামি ছাত্র শিবিরের দাওয়াত প্রাপ্ত হয়। ২০১৩ সালে অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় সাথী শপথ গ্রহণ করি। এরপর ২০১৮ সালে আলিম ২য় বর্ষে পড়াকালীন সংগঠনের সর্বোচ্চ স্তর সদস্য শপথ গ্রহণ করি।

তিনি আরও জানান, তার মূল লক্ষ্য একজন ভালো ও আদর্শ মানুষ হয়ে দেশের কল্যাণের জন্য কাজ করা। তার ইচ্ছা ইসলাম নিয়ে গবেষণা করা এবং দেশের সেরা ইসলামিক স্কলার হওয়া।
বিশ্ববিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনারা জানেন, আগে থেকেই আমরা কেমন নির্যাতনের শিকার হয়েছি। তারপরও আমাদের কাজ কখনোই থেমে ছিল না। বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণের জন্য আমরা সবসময় প্রস্তুত। আমাদের সবকিছু নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আছে তা খুব শিগগিরই জানিয়ে দেব।

Exit mobile version