Site icon Daily Dhaka Press

৭ দিনব্যাপী ‘যাত্রা উৎসব-২০২৪’ শুরু হচ্ছে ১ নভেম্বর

সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে সাত দিনব্যাপী ‘যাত্রা উৎসব-২০২৪’ শুরু হচ্ছে আগামী ১ নভেম্বর। যাত্রা উৎসবের এবারের প্রতিপাদ্য ‘যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ।’ বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত এই যাত্রা উৎসব অনুষ্ঠিত হবে।

যাত্রা উৎসবে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নিবন্ধিত সাতটি যাত্রা দল প্রতিদিন একটি করে ‘ঐতিহাসিক ও সামাজিক’ ঘটনা অবলম্বনে নির্মিত যাত্রাপালা পরিবেশন করবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত যাত্রা পালা পরিবেশিত হবে।

এ উপলক্ষে আগামী ১ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ টায় এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ইসরাফিল মজুমদার। শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্য নির্দেশক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট যাত্রা শিল্পী অনিমা দে। স্বাগত বক্তব্য রাখবেন, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জাহির।

সাত দিনব্যাপী এ যাত্রাপালায় সাতটি যাত্রা দল যাত্রা পরিবেশন করবে। এর মধ্যে প্রথম দিন সুরভী অপেরা পরিবেশন করবে কবির খানের নির্দেশনায় আগন্তক পালাকারের ‘নিহত গোলাপ’। দ্বিতীয় দিন পরিবেশিত হবে প্রসাদ কৃষ্ণ ভট্রাচার্য পালাকারের ‘আনার কলি’। শামীম খন্দকারের নির্দেশনায় নিউ শামীম নাট্য সংস্থা এ পালা পরিবেশন করবে। তৃতীয় দিন রোববার মানস কুমারের নির্দেশনায় বঙ্গবাণী অপেরা পরিবেশন করবে রঞ্জন দেবনাথ পালাকারের ‘মেঘে ঢাকা তারা’। উৎসবের চতুর্থ দিন ৪ নভেম্বর ব্রোজেন কুমার বিশ্বাসের নির্দেশনায় দেবেন্দ্রনাথ পালাকারের ‘লালন ফকির’ পালা পরিবেশন করবে নর-নারায়ন অপেরা । বন্ধু অপেরা পরিবেশন করবে শামসুল হক পালাকারের ‘আপন দুলাল’।

মনির হোসেনের নির্দেশনায় উৎসবের পঞ্চম দিন মঙ্গলবার এ পালা মঞ্চায়িত হবে। পরদিন বুধবার শেখ রফিকুলের নির্দেশনায় পুর্নেন্দু রায় পালাকারের ‘ফুলন দেবী’ পালা পরিবেশন করবে শারমিন অপেরা। উৎসবের শেষ দিন ‘নবাব সিরাজউদ্দৌলা’ পালা পরিবেশিত হবে। আবুল হাশেমের নির্দেশনায় শ্রী শচীননাথ সেন পালাকারের রচিত এ পালা পরিবেশন করবে যাত্রাবন্ধু অপেরা। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এ যাত্রা উৎসব সকলের জন্য উন্মুক্ত।

Exit mobile version