বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করা বৈষম্যরিরোধী ছাত্র ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’র গাড়ি বহর মোল্লারহাটে এসে পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। স্থানীয় সূত্রে জানা যায় বহরের একটি গাড়ি পিছনে পড়ে যায় এবং সে গাড়িটি সড়কে সাইড দেওয়া নিয়ে মোল্লারহাট মাদ্রাসাঘাট এলাকায় এই গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির লোকজনের কথা কাটাকাটি হয়। সে সূত্র ধরেই তৈরি হয় সংঘর্ষ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাগেরহাটের মোল্লাহাট মাদরাসাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে।
পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এখন পর্যন্ত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।
বৈষম্যবিরোধী আন্দোলন খুলনার সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, “খুলনা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের বহর ঢাকায় যাচ্ছিল। পথে আমাদের উপর হামলা করে আগে থেকে প্রস্তুত হয়ে থাকা সন্ত্রাসীরা। অনেকে আহত হয়েছে।”
ফ্যাসিবাদী দোসররা এই আক্রমণ করেছে অভিযোগ করে স্থানীয়রা তাদের সহযোগিতা করে বলেও জানান তিনি। শিক্ষার্থী রা অভিযোগ করে মোল্লারাহাট থানার সামনে ঘটনা ঘটলেও পুলিশ নিরব ছিল তবে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।
তবে পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক। দুপুর ১টা থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

