Site icon Daily Dhaka Press

চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

ঢাকা : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

জাহিদ হোসেন বলেন, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বিমানে তিনি লন্ডন যাবেন। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার সঙ্গে তার ছোটো ছেলে আরাফাত রহমান কোকোর সহধর্মিনী যাবেন। ঢাকা বিমান বন্দর থেকে ঢাকা-দোহা, দোহা-লন্ড ফ্লাইটে তিনি যাবেন।

এ ছাড়া উনার সঙ্গে মেডিকেল বোর্ডের ৬ জন সদস্য, ব্যক্তিগত কর্মকর্তা থাকবেন। কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সের চারজন চিকিৎসক এবং তাদের সহযোগীরা থাকবেন।

ডা. জাহিদ বলেন, লন্ডন ক্লিনিক নামক অনেক পুরাতন হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করা হবে। এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে যাবেন তিনি। চিকিৎসকরা সেখানে খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা করবেন। তাদের (চিকিৎসক) পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ডা. জাহিদ জানান, লন্ডন বিমানবন্দরে খালেদা জিয়াকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানসহ লন্ডন বিএনপির দুই নেতা রিসিভ করবেন।

Exit mobile version