নিজস্ব প্রতিবেদক: কাউন্সিল অধিবেশনে হৈ হট্টগোল ও হাতাহাতির ঘটনায় ঢাকা মহানগর উদীচীর চতুর্দশ সম্মেলন মুলতবি করা হয়েছে। হাতাহাতির ঘটনায় কয়েকজন আহত হন। এদের মধ্যে একজনকে হাসপাতালে নেয়া হলে তার হার্ট অ্যাটাক হয় এবং তাকে রিং পড়াতে হয়। তার নাম পারভেজ মাহমুদ (৬৬)। শনিবার সন্ধ্যা ৭টার দিকে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় কাউন্সিল অধিবেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাউন্সিলে নির্বাচনী অধিবেশন শুরুর পরপরই একটি ইস্যুতে কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক প্রদীপ ঘোষ উত্তেজিত হয়ে হামলা করেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হাবিবুল আলমের ওপর। তিনি মেঝেতে পড়ে যান। ওই সময় ঘটনা সামলাতে আসেন পারভেজ মাহমুদ। উত্তেজনাকর পরিস্থিতিতে এক পর্যায়ে প্রদীপ ঘোষ পারভেজ মাহমুদের ওপর আক্রমণ করেন।এসময় মিলনায়তনের উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অধিবেশনের সভাপতি পরিস্থিতি শান্ত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি শান্ত হলেও উদীচীর সিনিয়র সদস্য পারভেজ মাহমুদ বুকে তীব্র ব্যাথা অনুভব করেন। দ্রুত তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার হার্ট অ্যাটাক হয়েছে বলে জানান এবং পরীক্ষা শেষে জরুরিভিত্তিতে হার্টে রিং পরানো হয়। ডাক্তাররা তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার কথা বলেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উদীচী ঢাকা মহানগর সংসদের এ সম্মেলনকে কেন্দ্র করে দুটি পক্ষ সক্রিয়। দুই পক্ষের বিবাদের কেন্দ্র ২০২৪-এর জুলাই অভ্যুত্থান। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া পক্ষটি আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ফ্যাসিস্ট ও গণহত্যাকারী সাব্যস্ত করলেও অন্য পক্ষ তা মানতে নারাজ। তারা উদীচীকে আওয়ামী লীগের কালচারাল ফ্রন্ট হিসেবে এতদিন ব্যবহার করেছে বলে অভিযোগ ওঠে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর যখন রাজনীতির মাঠ থেকে আওয়ামী লীগ অপসারিত তখন উদীচীকে আওয়ামী লীগের পক্ষে কালচারাল ওয়ারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়।
জানা গেছে, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া পক্ষটি কাউন্সিল অধিবেশনে সভাপতি হিসেবে হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক হিসেবে আরিফ নূরের নাম প্রস্তাব করে। এ দুজন ছিলেন অভ্যুত্থানের সময়কার সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয় কর্মী।
অপরদিকে অন্যপক্ষ সভাপতি হিসেবে নাম প্রস্তাব করে আওয়ামী লীগ সরকারের সময়কার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান রতন সিদ্দিকী ও সাধারণ সম্পাদক হিসেবে নাম প্রস্তাব করে তার অনুসারী কঙ্কন নাগকে। অভিযোগ রয়েছে, রতন সিদ্দিকী আওয়ামী লীগের থিংক ট্যাঙ্ক ও প্রপাগান্ডা প্রতিষ্ঠান সিআরআইয়েরও প্রশিক্ষক ছিলেন। এ সময় কাউন্সিলে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, সিআরআইয়ের আরেক প্রশিক্ষক মাহমুদ সেলিমও। দুজনেই আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী ও সাংস্কৃতিক অঙ্গনে আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারী বলে অভিযোগ রয়েছে।
উদীচীর সিনিয়র সদস্য পারভেজ মাহমুদের উপর হামলাকারী প্রদীপ ঘোষের বিরুদ্ধে বিগত সরকারের আমলে নিয়ম বহির্ভূতভাবে চলচ্চিত্রের জন্য অনুদান গ্রহণ ও অর্থ আত্মসাতসহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে।
সংগঠনের সূত্র জানায়, জুলাই অভ্যুত্থানের বিরোধিতাকারী আওয়ামী লীগ সমর্থক পক্ষটি অভ্যুত্থানে অংশগ্রহণকারী উদীচী নেতৃবৃন্দকে জামায়াত-শিবিরের এজেন্ট বলেও প্রচারণা চালিয়ে আসছিলো সংগঠনের ভেতরে-বাইরে। এ নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছিল উদীচীর অনেক সদস্যের মধ্যে। শনিবারের কাউন্সিল অধিবেশনে সে অংশটি অভ্যুত্থানে সক্রিয় ভুমিকা রাখা নেতাকর্মীদের আবারও জামায়াত-শিবিরের এজেন্ট সাব্যস্ত করতে তৎপর হয়ে উঠেন। এমন পরিস্থিতিতেই কাউন্সিল অধিবেশন উত্তপ্ত হয়ে উঠে। কাউন্সিল অধিবেশন আগামী শুক্রবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

