বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় নাশকতার মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন, বাউশী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শামছুল হক, সাহতা ইউপি চেয়ারম্যান মো: মিজানুর রহমান চঞ্চল, আসমা ইউপি চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম ছন্দু ও চিরাম ইউপি চেয়ারম্যান মো: সাইদুর রহমান চৌধুরী। মঙ্গলবার (২৮ জানুয়ারি) নেত্রকোনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক কামাল হোসাইন তাদের এই আদেশ দেন।
জানা য়ায়, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর বারহাট্টা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে স্থানীয় গোপালপুর এলাকার বারহাট্টা-বাউসী সড়কের পাশে মঞ্চ তৈরী করা হয়। ওই মঞ্চ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে বিএনপির ডাকা সম্মেলন পন্ড হয়ে যায়। এই অভিযোগে ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২ সেপ্টেম্বর বারহাট্টা উপজেলার গোপালপুর গ্রামের ছাদেক মিয়ার ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে বারহাট্টা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুর রহমান লিটন, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল কবীর খোকন, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাঈনুল হক কাসেমসহ ৫৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪০ জনকে আসামি করা হয়। কারাবাসের আদেশপ্রাপ্ত ৪ চেয়ারম্যানগণ এই মামলায় আসামী ছিলেন।
আসামি পক্ষের আইনজীবী মো: মোখাম্মেল হক রুবেল এ তথ্য নিশ্চিত করে জানান, আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। রোববার সকালের দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে নামঞ্জর হয়।

