Site icon Daily Dhaka Press

সাইফুল ইসলাম চৌধুরীর একগুচ্ছ কবিতা সমগ্র

তৌফিক অপু : সাহিত্যমনা মানুষদের কাছে ফেব্রুয়ারি একটি কাঙ্খিত মাস। বই প্রেমিদের যেন একাত্ম হওয়ার মাস। লেখক,পাঠক,প্রকাশকদের এক অনন্য মিলন মেলা। এর উম্মাদনা বা আবেগ যেন ভাষায় প্রকাশ করার মতো নয়। পাঠক যেমন মুখিয়ে থাকে নতুন বইয়ের ঘ্রাণ নেবার জন্য ঠিক তেমনি উদ্গ্রীব থাকেন লেখক ও প্রকাশক। মেলার শুরুতেই যেন ঝা চকচকে মলাটের বই পাঠকের হাতে পৌঁছায় সে চেষ্টা থাকে অনবরত।

এবারের অমর একুশে বই মেলাকে উপলক্ষ্য করে কবি সাইফুল ইসলাম চৌধুরী চারটি নতুন কবিতার বই প্রকাশ করেছেন। বইগুলো হচ্ছে, স্মৃতির মনোজগত,স্মৃতির বিড়ম্বনা, অনু কবিতার ঝাঁপি, কখনো বলো না যাই। চারটি কবিতার বইতেই শোভা পেয়েছে মনের প্রশান্তি, মনোজগতের কল্পনা,আবেগ, অনুভূতি, প্রেম ও রোমান্টিকতা। অনুভূতি ১ ও অনুভূতি ২ কবিতায় কবি তার মনের কথা তুলে ধরেছেন, কখনও হতে চেয়েছেন পাখির মতো মুক্ত স্বাধীন। বৈপরিত্য কবিতায় “তুমি তো বুঝো না, নীরবতারও একটা ভাষা থাকে, তুমি তো জানো না, নিঃশব্দ কখনো-সখনো শব্দকেও ছাপিয়ে যায়।” প্রিয় মানুষকে নিজের আবেগ ও মনের কথা বোঝানোর ব্যকুলত ফুটে উঠেছে এ পংতিতে। স্মৃতির বিড়ম্বনা কবিতায় “তুমি আসো মনের ঘরে ইচ্ছে হলেই, পিছন টেনে ধরতে চাইছো সন্দেহ নেই, চাই না আমি আর জীবনে ফিরে যেতে, দিব্বি দিচ্ছি করো না আর পাগলপারা।” পুরনো স্মৃতি যে আজও মানুষকে অস্থির করে তোলে তা এ কবিতাটি পড়ে স্পষ্ট বোঝা যায়। তবে চারটি কবিতার বইয়ের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বইটি হচ্ছে অনু কবিতার ঝাঁপি। বইটিতে প্রকৃতি ২ কবিতায় কবি লিখেছেন,‘বৃষ্টিকে পরাজিত করে, বাইরে উজ্জল রোদ, প্রকৃতিও চাইছে না, তোমার কষ্ট হোক।” এমন অনু কবিতা দিয়ে পূর্ণ বইটি যা সত্যিই পাঠকের মনে প্রশান্তির পরশ বুলাবে। কখনো বলো না যাই কবিতা গ্রন্থে কবি প্রিয়ার মনকে বোঝার চেষ্টা করেছেন। “পাচ্ছি না যে তোমার সাড়া এক্কেবার, এমন কেন হচ্ছে বলো বুঝছি না তো, হয়তো কোন ভুল করেছি অগোচরে।” কবিতার শব্দ চয়নে প্রেমের আকুলতা স্পষ্ট প্রতীয়মান। ইট কাঠের শহরে মিষ্টি প্রেমের কবিতাগুলো পাঠকের মনে প্রশান্তি ছড়াতে সক্ষম।
অমর একুশে বই মেলা-২০২৫ এ বইগুলো মিলবে প্রতিভা প্রকাশ, রৌদ্রছায়া প্রকাশ, আলোঘর প্রকাশনা ও সাউন্ড বাংলা’র স্টলে। বইগুলোর মূল্য পড়বে ২৫০ টাকা থেকে ২৮০ টাকার মধ্যে। কবি সাইফুল ইসলাম চৌধুরী পেশাগত জীবনে ব্যাংকার হিসেবে অবসর নিলেও ছাত্র জীবন থেকে সম্পৃক্ত সাহিত্য চর্চায়। কবিতাগ্রন্থ ছাড়াও গল্প উপন্যাস মিলিয়ে ১৫ টির অধিক বই রয়েছে বাজারে। ব্যাক্তিগত জীবনে সৌমিক ও প্রমা নামে দু সন্তানের জনক। জীবনের বাকি দিনগুলোতেও সাহিত্য চর্চায় নিজেকে নিয়জিত রাখবেন এমন ধারণা পোষণ করেন।

Exit mobile version