ঢাকা: আজ অমর একুশে গ্রন্থমেলার স্বপ্ন ৭১ প্রকাশনের স্টলে সায়মা রহমান তুলির “একাকিত্ব ও মনের যত্ন”বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।
তুলি পেশায় একজন কমিউনিকেশন এক্সপার্ট। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন দীর্ঘদিন। তিনি একজন নিউরো-লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং (এনএলপি) প্র্যাকটিশনার্স। বিভিন্ন প্রশিক্ষণ, গ্রুমিং সেশন ও মোটিভেশনাল কার্যক্রমের সঙ্গে জড়িত। লেখালেখির অঙ্গনে তিনি ইয়ারা নামে পরিচিত।
তুলি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় নবাবগঞ্জ বাজারে একটি সংস্কৃতিমনা পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মায়ের একমাত্র সন্তান। ২৫ সেপ্টেম্বর তাঁর জন্মদিন। বাবা মায়ের সঙ্গে ছোটবেলা থেকে থিয়েটার করতেন।
শিশুশিল্পী হিসেবে উপস্থাপনা করেন বাংলাদেশ টেলিভিশনে। যুক্ত ছিলেন অপেক্ষা নামের সাপ্তাহিক পত্রিকায়। ১৯৯৯ সাল থেকে যুক্ত আছেন সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন নবাবগঞ্জ ললিতকলা একাডেমীর (নাফা) সঙ্গে। বর্তমানে নাফার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০২০ সালে তুলি গ্রামের মেয়েদের জন্য গড়ে তুলেন ইনভিশন অ্যাকশন রিওয়ার্ড অ্যাসেট (ইয়ারা) নামের স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান, যা গ্রামীণ নারীদের বিনামূল্যে বয়সভিত্তিক মোটিভেশন কার্যক্রম ও উদ্যোক্তা তৈরির কাজ করে।
তাঁর পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে। বাংলাদেশের সংস্কৃতি, নারীর ক্ষমতায়ন ও শিশু বিষয়ে রয়েছে তার গবেষণা।
তার শখ বই পড়া, সিনেমা দেখা ও প্রামাণ্যচিত্র নির্মাণ। ক্যারিয়ার শুরু করেন নটর ডেম কলেজে শিক্ষকতা দিয়ে। ২০২৩ সালে জয়িতা সম্মাননা অর্জন করেন।
সায়মা রহমান তুলির একাকিত্ব ও মনের যত্ন বইয়ের মোড়ক উন্মোচন

