ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে চলাচলকারী ভ্যানচালকদের সাথে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইবি শাখার নেতৃবৃন্দ।
বুধবার (২৬ শে মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এই ইফতারের আয়োজন করা হয়। এ সময় ক্যাম্পাসের অভ্যন্তরে নিয়মিত শিক্ষার্থীদের বহনকারী ভ্যান চালক ও শ্রমজীবীরা উপস্থিত ছিলেন।
আগত ভ্যানচালকেরা বলেন, ক্যাম্পাস অনেকদিন ধরেই বন্ধ, মামারা কেও নাই। বাইরে ভাড়া খেটেও তেমন একটা আয় রোজগার হয় না। অনেক সময় দেখা যায় বাড়িতে যেতে দেরি হলে রাস্তায় ই ইফতারের সময় হয়ে যায়। ঈদের আগে শেষ দিনে আমাদের দাওয়াত দিয়ে ইফতারি করানোয় খুব ভালো লেগেছে। আল্লাহ সবার মনের আশা পূরন করুক।
ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, পবিত্র রমজান মাস মানেই সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য নিদর্শনের মাস। ইসলামী বিশ্ববিদ্যালয় এর আগে গণইফতারি সহ অনেক ইফতারির আয়োজন করা হয়েছে কিন্তু আমি মনে করি সবচেয়ে বেশি উচিত ছিল আপনাদের মত মানুষদের নিয়ে ইফতারের আয়োজন করা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেই প্রয়োজনেতা অনুভব করে আজকে আপনাদের নিয়ে খুবই ছোট পরিসরে ইফতারের আয়োজন করেছে৷ আমাদের আপনারা আপনাদের সন্তানের মত দেখবেন এবং আমরাও আপনাদের সব সময় শ্রদ্ধার জায়গা থেকে দেখতে চাই।

