Site icon Daily Dhaka Press

প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যায় গ্রেপ্তার ৩

ঢাকা : রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বনানী থানার ওসি রাসেল সারোয়ার তিনজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

রাসেল সরোয়ার সোমবার (২১ এপ্রিল) সকালে বলেন, রোববার দিবাগত রাতে রাজধানীর মহাখালীর ওয়ারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজনের কেউই এজহারভুক্ত আসামি না।

আটককৃতরা হলেন মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)। পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া তিনজনই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজেও তাঁদের উপস্থিতি দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া তিনজন মামলার এজাহারভুক্ত আসামিদের ও ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাতনামা পলাতক আসামিদের চেনে এবং তাদের অবস্থান সম্পর্কে জানে।

এর আগে, রোববার (২০ এপ্রিল) ভোরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ ৮ জনের নাম উল্লেখ ও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে বনানী থানায় মামলা করেন পারভেজের ভাই হুমায়ুন কবির।

রাসেল সারোয়ার বলেন, মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী ছাড়াও আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। তাঁরা সকলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে জাহিদুল ইসলাম পারভেজের সঙ্গে তর্কাতর্কি হয় তাঁরই বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর। একপর্যায়ে দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২২৩ ব্যাচের শিক্ষার্থী জাহিদুলকে একদল যুবক ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় জাহিদুলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ডেইলি ঢাকা প্রেস / ২১ এপ্রিল ২০২৫/ জেডআরসি

Exit mobile version