
সুবিশাল ক্যাম্পাস অপরুপ প্রকৃতি নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দেশজুড়ে বেশ পরিচিত রয়েছে। বছরের বিভিন্ন সময়ে এই ক্যাম্পাসের রূপ বদলে যায়, আর গ্রীষ্মকাল এলেই সেই রূপ যেন হয়ে ওঠে আরও মোহময়।
এই সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোণায় কোণায় যেন ফুটে ওঠে ফুলের চাদর। রাস্তার ধারে শিমুল,কৃঞ্চচূড়া,ক্যাসিয়া জাভানিকা ও পলাশের রক্তিম আভা, লেকপাড়ে কাঞ্চন ফুলের নরম গোলাপি হাসি আর গলইচাপা, অর্জুন ও বকুল, গাছের নিচে ছায়ায় ছায়ায় খেলা করা রঙ যেন এক অলিখিত কবিতা হয়ে ছড়িয়ে পড়ে চারদিকে।
প্রকৃতির সঙ্গে একাত্ম জীবন জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের জন্য এই ফুলেল পরিবেশ যেন ক্লাসের বাইরের এক নতুন পাঠশালা। কেউ হাঁটছেন একা একা, ভাবনার জগতে ডুবে; কেউ বা বন্ধুরা মিলে তুলছেন ছবি, আবার কেউ বসে গাইছেন প্রিয় গান। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়তই ভাইরাল হচ্ছে ক্যাম্পাসের দৃষ্টিনন্দন ছবি ও ভিডিও।
এ বিষয়ে জাবির সরকার ও রাজনীতি বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী আবদুল হাদী বলেন, এই মৌসুমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেজেছে এক অপূর্ব ফুলেল রূপে। ক্যাম্পাসের প্রতিটি পথ যেন ফুলের গালিচায় মোড়ানো—ক্যাসিয়া জাভানিকা, কৃষ্ণচূড়া, জারুলসহ নানা রঙের ফুলে ভরে উঠেছে চারদিক।
প্রকৃতি যেন নিজ হাতে রাঙিয়ে দিয়েছে এই বিদ্যাপীঠকে। হালকা বাতাসে দুলে ওঠা ফুলগুলো ছড়িয়ে দিচ্ছে মৃদু সৌরভ, মনকে করে তোলে বিমোহিত। লেকপাড়, মুক্তমঞ্চ কিংবা একাডেমিক ভবনের আশেপাশে সবখানেই চোখ জুড়ানো এই দৃশ্য। জাহাঙ্গীরনগরের এই ফুলেল সৌন্দর্য শুধু চোখ নয়, মনকেও ছুঁয়ে যায় প্রতিনিয়ত।
আবু মেহরাজ সোয়াইব; স্নাতক শিক্ষার্থী; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.