Site icon Daily Dhaka Press

উপবৃত্তির মোবাইল নাম্বার পরিবর্তনের ঘটনায় সাময়িক বরখাস্ত শিক্ষা কর্মকর্তা

বারহাট্টা প্রতিনিধি. নেত্রকোণার বারহাট্টায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা পাঠানোর মোবাইল নম্বর পরিবর্তনের অভিযোগে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ বুধবার (৩০ এপ্রিল) বিষয়টি প্রকাশ্যে আসে। গত ২২ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।নেত্রকোনা  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল আজম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত মঙ্গলবার কাগজপত্র পেয়েছি। বিষয়টি সিরাজুল ইসলামকে জানানো হয়েছে। তিনি বুধবার থেকে অফিস করতে পারবেন না।

জানা যায়, গত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই ও ডিসেম্বর মাসে প্রদেয় উপ-বৃত্তির কিস্তির টাকা উপজেলার হরিয়াতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাভোগী শিক্ষার্থীদের মোবাইল ব্যাংক হিসাবে পৌঁছায় নাই।তাদের বিকাশ অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করে উপ-বৃত্তির টাকা হাতিয়ে নেয় একটি মহল।

এ ব্যাপারে শিক্ষার্থীদের অভিভাবকের পক্ষ হতে প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের মহাপরিচালক বরাবর অভিযোগ দায়ের করা হয়। পরে অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা মো. সিরাজুল ইসলামকে বরখাস্তের সুপারিশ করে।

শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম জানান, মন্ত্রণালয় আমাকে বরখাস্ত করেছে বলে জানতে পেরেছি।তবে এই ঘটনায় আমি জড়িত নই। পাসওয়ার্ড হ্যাক করে অ্যাকাউন্ট পরিবর্তন করা হয়েছিল। এ ব্যাপারে আমি মামলাও করেছি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকেও বিষয়টি জানিয়েছিলাম। আমি নির্দোষ।

Exit mobile version