Site icon Daily Dhaka Press

 ভ্যাকসিন ইস্যুতে  সাংবাদিকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে জাবি ছাত্রদল

জাবি প্রতিনিধি. ভ্যাকসিন ইস্যুতে সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছে জাবি ছাত্রদল। বৃহস্প্রতিবার( ২৪ এপ্রিল) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের হেপাটাইটিস-বি ভ্যাকসিন কর্মসূচি নিয়ে জাগোনিউজ২৪-এ ‘আওয়ামী এমপিকে পুনর্বাসন/ ভাগ বাটোয়ারার দ্বন্ধে কর্মসূচী স্থগিত’ শিরোনামে একটি নিউজ প্রকাশের পর কেন্দ্রীয় ছাত্রদল থেকে একটি বিবৃতি প্রদান করা হয়।

সেখানে সাংবাদিকরা কোন কুচক্রী মহলের ইন্ধনে  সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য পরিবেশন করেছে বলে উল্লেখ করা হয়। এবং প্রতিবেদককে নানাভাবে চাপ প্রয়োগ ও অন্য পত্রিকার সাংবাদিকের মাধ্যমে ফোনকলে হুমকি প্রদান করা হয়। সার্বিক বিষয়ের জন্য দুঃখ প্রকাশ করেছে শাখা ছাত্রদলের নেতা কর্মীরা।

সোমবার (১২ মে) বিকাল সাড়ে ৪টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক আনুষ্ঠানিক বৈঠকে দুঃখ প্রকাশ করেন তারা।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির মোহাম্মদ উদ্দীন বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক এবং ভ্যাকসিন কর্মসূচির উদ্যোক্তা ও যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ ফয়সালসহ আরো অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে আহ্বায়ক জহির উদ্দীন মোহাম্মদ বাবর বলেন, আমাদের কমিটি গঠনের পর থেকে সাংবাদিক ও সব স্টেক হোল্ডারদের সাথে আমরা সোহার্দপূর্ণ ভাবে চলার চেষ্টা করছি। মাঝখান দিয়ে কোন ভুল বুঝা-বুঝি কিংবা যেকোন কারণ এটার একটু ছন্দ পতন হয়েছে। এর জন্য একটি সংগঠন হিসেবে আমরা দুঃখ প্রকাশ করছি। আশাকরি আমাদের আগের সম্পর্কের জায়গাটি ফিরে আসবে এবং সবাই যে যার কাজ করবে।

রবিবার (২০ এপ্রিল) শাখা ছাত্রদলের উদ্যোগে জাবি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে হেপাটাইটিস-বি ভ্যকসিন কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণের কথা উল্লেখ করে বিবৃতির মাধ্যমে সেটি স্থগিত করে শাখা ছাত্রদল। স্থগিতের কারণ অনুসন্ধান করতে গিয়ে ‘জাগোনিউজ’র জাবি প্রতিনিধি সৈকত ইসলাম স্বনামে উপরোক্ত শিরোনামে সংবাদটি প্রকাশ করেন।

Exit mobile version