জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান শনিবার (১৪ জুন) উচ্চশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে একাডেমিক সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জোরদার করতে পাকিস্তান সফর করবেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন বাসসকে এই সফরের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপাচার্য আগামীকাল ভোরে ঢাকা ত্যাগ করবেন এবং ২১ জুন ফিরে আসবেন।
ওআইসি-কমসটেক-এর বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের স্থায়ী কমিটির (ওআইসি-কমসটেক) আমন্ত্রণে এই সফর করছেন, যেখানে তিনি ‘বাংলাদেশের জন্য বিশেষ রেক্টরস সভা’-তে যোগ দেবেন।
বাংলাদেশের শীর্ষস্থানীয় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ১০ সদস্যের প্রতিনিধিদলের অংশ হিসেবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাহোর, ইসলামাবাদ এবং মুরির বিশিষ্ট শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলিও পরিদর্শন করবেন।
“সফরের সময়, উপাচার্য একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির জন্য বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করার পরিকল্পনা করছেন,” মহিউদ্দিন বলেন।
অধ্যাপক কামরুল আহসান ‘বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং কীভাবে উন্নত করবেন’ এবং ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একটি উদ্ভাবনী বাস্তুতন্ত্র তৈরি করা’ শীর্ষক দুটি বিশেষ প্রশিক্ষণ অধিবেশনেও অংশগ্রহণ করবেন।

