Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » পাঁচ মাসে ১৫৮৭ হত্যা মামলা, বেড়েছে রাজনৈতিক সহিংসতা
    Lead

    পাঁচ মাসে ১৫৮৭ হত্যা মামলা, বেড়েছে রাজনৈতিক সহিংসতা

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাJune 17, 2025No Comments5 Mins Read

    দেশে হত্যা ও রাজনৈতিক সহিংসতার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। পুলিশ সদর দপ্তরের দেওয়া পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দেশে মোট এক হাজার ৫৮৭টি হত্যা মামলা দায়ের হয়েছে।

    গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল এক হাজার ২৬৫টি। এতে দেখা যাচ্ছে, এক বছরে প্রথম পাঁচ মাসে খুনের মামলা বেড়েছে ৩২২টি; যা শতকরা হিসাবে প্রায় ২০ ভাগ বৃদ্ধি।

    গড় হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসে প্রতিদিন দেশে ১০ জন করে খুন হয়েছেন। শুধু জানুয়ারিতেই ২৯৪টি হত্যা মামলা হয়, ফেব্রুয়ারিতে ৩০০টি, মার্চে ৩১৬টি, এপ্রিল মাসে তা বেড়ে দাঁড়ায় ৩৩৬টিতে এবং মে মাসে হয় সর্বোচ্চ ৩৪১টি। অর্থাৎ প্রতি মাসে গড়ে ৩১৭টি হত্যাকাণ্ডের মামলা হয়েছে।

    ২০২৪ সালের প্রথম পাঁচ মাসে হত্যা মামলা হয়েছিল এক হাজার ২৬৫টি। সেই বছর জানুয়ারিতে ২৩১টি, ফেব্রুয়ারিতে ২৪০টি, মার্চে ২৩৯টি, এপ্রিল মাসে ২৯৬টি এবং মে মাসে ২৫৯টি মামলা দায়ের হয়েছিল। সে হিসাবে প্রতি মাসে গড়ে ২৫১টি হত্যা মামলা হয়েছিল ওই সময়ে।

    পুলিশ সদর দপ্তরের তথ্য অনুসারে, চলতি বছরের মোট হত্যা মামলার মধ্যে ২৫৫টি মামলা আগের বছরের ছিল; যেগুলো চলতি বছর দায়ের করা হয়েছে। তবে এই সংখ্যাগুলো বাদ দিয়েও এ বছরের খুনের ঘটনা আগের বছরের তুলনায় বেশি।

    মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’ (এইচআরএসএস) জানায়, চলতি বছরের প্রথম পাঁচ মাসে রাজনৈতিক সহিংসতায় মোট ৬৭ জন প্রাণ হারিয়েছেন। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে ৩২৫টি রাজনৈতিক সহিংসতায় নিহত হন ৪৭ জন, আর এপ্রিল ও মে মাসে নিহত হন আরো ২০ জন।

    সংগঠনটির বিশ্লেষকদের মতে, অধিকাংশ সহিংসতা ঘটেছে রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে আধিপত্য বিস্তার, প্রতিশোধ, চাঁদাবাজি এবং জমি বা ব্যবসাপ্রতিষ্ঠান দখলকে কেন্দ্র করে। এইচআরএসএস-এর মতে, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সংঘটিত ৩২৫টি রাজনৈতিক সহিংসতার মধ্যে ১৯০টি ছিল বিএনপির অভ্যন্তরীণ কোন্দলজনিত।

    এই সহিংসতায় বিএনপির ৪৫ জন, আওয়ামী লীগের ১০ জন, জামায়াতের একজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন এবং ইউপিডিএফের দুই সদস্য নিহত হয়েছেন। বাকি দুজনের রাজনৈতিক পরিচয় শনাক্ত করা যায়নি। এপ্রিল ও মে মাসে রাজনৈতিক সহিংসতা অব্যাহত থাকায় নিহতের তালিকায় বিএনপির নেতাকর্মীদের নামই বেশি পাওয়া যাচ্ছে।

    এই সময়ে রাজনৈতিক সহিংসতায় অন্তত ৭০ জন গুলিবিদ্ধ হন। একইসঙ্গে চার শতাধিক বাড়িঘর, রাজনৈতিক কার্যালয়, দোকানপাট ও যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পাশাপাশি গণপিটুনিতে নিহত হয়েছেন অন্তত ৫৩ জন।

    পুলিশ সদর দপ্তরের তথ্যানুসারে, ২০২৫ সালের প্রথম পাঁচ মাসে শুধু ঢাকা রেঞ্জেই ৩৭৬টি হত্যা মামলা দায়ের হয়েছে; যা গত বছরের তুলনায় অনেক বেশি। গত বছর এই সময়ে নিহতের সংখ্যা ছিল ২৯৯। শুধু জানুয়ারিতেই নিহত হন ৫৯ জন, ফেব্রুয়ারিতে ৫৪ জন, মার্চে ৬০ জন, এপ্রিলে ৭৫ জন এবং মে মাসে নিহত হন ৫১ জন।

    ঢাকা মহানগরীতে ১৬৮টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে ৩৯ শতাংশ রাজনৈতিক কারণে সংঘটিত বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। ২০২৪ সালের প্রথম পাঁচ মাসে এ ধরনের মামলা ছিল মাত্র ৬৩টি; অর্থাৎ এই বছর প্রায় দ্বিগুণেরও বেশি বেড়েছে হত্যাকাণ্ডের সংখ্যা। পুলিশ কর্মকর্তাদের মতে, পূর্ববিরোধ, চাঁদাবাজি, অবৈধ ব্যবসা ও দখলবাজি এসব হত্যাকাণ্ডের প্রধান কারণ।

    তদন্তকারীরা আরো জানান, অনেক ক্ষেত্রেই ভাড়াটে সন্ত্রাসীরা টাকার বিনিময়ে খুনে জড়িত হচ্ছে।

    এদিকে দেশের বিভিন্ন জেলায় ভয়াবহভাবে বাড়ছে খুনের ঘটনা। চলতি বছরের প্রথম সাড়ে পাঁচ মাসে স্থানীয় সাংবাদিক ও পুলিশের তথ্য অনুযায়ী, ময়মনসিংহে ৪৪, কুমিল্লায় ৪২, সিরাজগঞ্জে ৩৮, নারায়ণগঞ্জে ৩১, ঝিনাইদহে ২৯, সুনামগঞ্জ ও নেত্রকোনায় ২৭ করে, যশোরে ২৪, নওগাঁয় ২৩, ফরিদপুর ও শেরপুরে ২১ করে, ব্রাহ্মণবাড়িয়ায় ২০, মুন্সীগঞ্জে ১৭, ঠাকুরগাঁও ও নাটোরে ১৫ করে, বরিশাল, বাগেরহাট ও খাগড়াছড়িতে ১৪ করে, শরীয়তপুর ও জয়পুরহাটে ১৩ করে, লক্ষ্মীপুর ও মৌলভীবাজারে ১২ করে, বরগুনা, গোপালগঞ্জ, রাঙামাটি ও মেহেরপুরে সাত করে, কুড়িগ্রামে ছয় এবং চুয়াডাঙ্গায় চারটি হত্যাকাণ্ড ঘটেছে।

    সোমবার (১৬ জুন) ঝিনাইদহ সদর উপজেলার শঙ্করপুরে ছেলের কোদালের আঘাতে বাবা শাহাদাত হোসেন (৬৫) নিহত হন। পারিবারিক জমিতে কাজ করার সময় কথাকাটাকাটির একপর্যায়ে ছেলে ফয়সাল ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে বাবার মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই শাহাদাত মারা যান। পুলিশ ফয়সালকে গ্রেপ্তার করেছে।

    গত ১৫ জুন যশোরের অভয়নগরের নাউলি গ্রামে কুয়েতফেরত যুবক হাসান শেখ (৩০) জবাই করে হত্যা হন। প্রবাস থেকে দেশে ফিরে মাত্র দুই মাস আগে বিয়ে করা হাসানের মরদেহ একটি মাছের ঘের থেকে উদ্ধার করে পুলিশ। তদন্তে তিনজনকে আটক করা হয়েছে।

    একই দিন বগুড়ায় স্কুলছাত্রীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় তার রিকশাচালক বাবা শাকিল মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়। শাকিলের স্ত্রী থানায় মামলা করলে প্রধান আসামি জিতু ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি জানান, জিতুকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

    রাজধানীতেও একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। সম্প্রতি দক্ষিণখানের চালাবন এলাকায় রাস্তায় প্রকাশ্যে শিল্পী বেগম নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়। এর পরদিন পল্লবীতে এক দম্পতিকে বাসায় হত্যা করা হয়। একই দিনে কমলাপুরের একটি হোটেল কক্ষে সুমি রায় নামের এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় আনার জন্য চেষ্টা চলছে।

    পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক ইনামুল হক বলেন, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা খুনের পেছনে বড় ভূমিকা রাখছে। তার মতে, অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে খুনের ঘটনা ওতপ্রোতভাবে জড়িত।

    মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষক ড. মুহাম্মদ আব্দুল কাদের মিয়া বলেন, রাজনৈতিক হত্যাকাণ্ড কমাতে হলে মাঠপর্যায়ে পুলিশের তৎপরতা বাড়াতে হবে। শুধু তথ্য সংগ্রহ নয়, প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে আগেভাগেই।

    ১৫ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠকে সভাপতিত্ব করে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। পুলিশ এখন আগের তুলনায় অনেক বেশি সক্রিয় বলেও মন্তব্য করেন তিনি।

    আইজিপি বাহারুল আলম বলেন, অপরাধ প্রবণতা সব সময়ই ওঠানামা করে। তবে আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version