জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হলেও কোথাও নেই “আপনি সিসি ক্যামেরার আওতায় আছেন” এ জাতীয় কোনো সতর্কতামূলক বার্তা। ফলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনেকেই মনে করছেন, সর্তকতা বার্তা না থাকায় অজান্ততেই তাদের গোপনীয়তা লঙ্ঘন হতে পারে।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, আবাসিক হল, একাডেমিক ভবন ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলোর মোড়, শহীদ মিনার প্রাঙ্গণ ও বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথসমূহসহ অন্যান্য স্থান সিসি ক্যামেরার আওতাধীন থাকলেও কোথাও সিসিটিভি বিষয়ে কোনো সতর্কবার্তা দেখা যায়নি। ফলে শিক্ষার্থীদের অনেকেই আশঙ্কা করছেন তাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের। তাঁরা আরো জানান যেহেতু বিশ্ববিদ্যালয়ে বহিরাগত অনেকেই ঘুরতে আসেন তাঁরাও এ ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। অনেক সময় সিসিটিভি থাকলেও যদি সেটা দুষ্কৃতকারীর জানা না থাকে তাহলে অপরাধমূলক কর্মকাণ্ড কমানো সম্ভব হয় না। সিসি ক্যামেরার আওতাধীনতাবোধ অনেক সময় অপরাধ সংগঠনের প্রতিরোধক হিসেবে কাজ করে। তাই সমস্যার সমাধান নয় প্রতিরোধকল্পে বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি আওতাভুক্ত স্থানগুলোতে সতর্কতা বার্তা টাঙানোর কথা বলছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ বিষয়ে শিক্ষার্থীর বক্তব্য
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়কে সিসিটিভির আওতায় আনা
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, “সিসি ক্যামেরা থাকলে তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া উচিত। এটা স্বচ্ছতা ও নিরাপত্তা সচেতনতার জন্য জরুরি।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী বলেন, সিসিটিভি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতামূলক সাইন দেওয়া নৈতিক ও অনেক ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতাও হতে পারে। এতে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয় এবং অপরাধ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন:”মনিটরসহ সিসি ক্যামেরার কাজ এখনও চলমান। কিছু ক্যামেরা অচল রয়েছে।আমরা শীঘ্রই কাজ শেষ করে নির্ধারিত সকল স্থানে সর্তক বার্তা স্থাপন করব।”

