
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি: বিশ্ব জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের ওপর জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ১১ জুলাই পালিত হয় বিশ্ব জন্যসংখ্যা দিবস। বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় নেত্রকোনার বারহাট্টায় সোমবার (১৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারের জনসংখ্যা দিবস ২০২৫-এর মূল প্রতিপাদ্য বিষয় ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’।
উল্লেখ্য ১৯৮৭ সালের ১১ জুলাই তারিখে বিশ্ব জনসংখ্যা ৫০০ কোটি ছাড়িয়ে গেলে সারা বিশ্বের জনমানুষের মধ্যে যে আগ্রহের সৃষ্টি হয়, তাতে অনুপ্রাণিত হয়ে ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির পরিচালনা পরিষদ এই দিবসটি প্রতিষ্ঠা করে। বিশ্ব জনসংখ্যা দিবসের লক্ষ্য হলো পরিবার পরিকল্পনা, লিঙ্গসমতা, দারিদ্র, মাতৃস্বাস্থ্য এবং মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি করা।
দিবসটি উপলক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ খবিরুল আহসান বলেন বর্তমানে দেশে জনসংখ্যার অর্ধেক নারী। জাতীয় উন্নয়নে নারীদের অধিক হারে সম্পৃক্ত করতে হবে। এছাড়া জেন্ডার সমতা অর্থাৎ নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে।
উক্ত অনুষ্ঠানের সভাপতি পরিবার পরিকল্পনা অফিসার জনাব শহিদুল ইসলাম খান বলেন লোকবল এবং প্রয়োজনীয় ওষুধপত্রের অভাবে আমাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমাদের মাঠকর্মীরা প্রত্যন্ত অঞ্চলে সঠিকভাবে কাজ করতে পারছে না। সরকার উক্ত সমস্যার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে আমরা আরো দৃঢ়ভাবে কাজ করতে পারবো।
পরিশেষে ৬ ক্যাটাগরিতে কর্মীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে কাজের উৎসাহ বৃদ্ধি করেন।
উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বাংলার দর্পণের সাংবাদিক আবুল কালাম, ভোরের কাগজের মোখলেছুর রহমান হীরা, আমাদের সময়ের আজিজুল হক ফারুক সহ উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা ও মাঠ কর্মীবৃন্দ।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.