Site icon Daily Dhaka Press

নানা আয়োজনে ইবিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

ইবি প্রতিনিধি: নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন ও গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা এবং পবিত্র কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ছিল।

বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ‘জুলাই বিপ্লব/ ইসলামী বিশ্ববিদ্যালয়’।

একই সময় ‘জুলাই বিপ্লব/স্বাধীনতার নতুন সূর্য/বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়’ শীর্ষক গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক-কর্মকর্তা লাউঞ্জে। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্বে থাকা প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী দুপুর ১২টায় চিত্রাঙ্কন ও গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেন। ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন, প্রফেসর ড. এ.কে.এম. মতিনুর রহমান, চারুকলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ কামরুল হাসান, প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহ. মুজাম্মিল হক মোল্লাহ প্রমুখ এসময় তাঁর সঙ্গে ছিলেন।

এছাড়াও, বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুলাই শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।

Exit mobile version