Site icon Daily Dhaka Press

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪ হলের নতুন নাম প্রস্তাব নিসচা’র

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শেখ পরিবারের নামে থাকা চারটি আবাসিক হলের নাম বাতিল করেছিল বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ (সিন্ডিকেট)। এর পাশাপাশি হলগুলোর নতুন নাম প্রস্তাবের জন্য অংশীজনদের আহ্বান জানানো হয়। এর প্রেক্ষিতে চারটি হলের জন্য নতুন নামের প্রস্তাবনা দিয়েছে নিরাপদ সড়ক চাই–(নিসচা)।

সোমবার (১৪ জুলাই) দুপুরে নতুন হলের যথাযথ নাম সুপারিশের জন্য গঠিত কমিটির আহবায়ক অধ্যাপক মাফরুহী সাত্তার বরাবর দেওয়া এক স্মারকলিপিতে এ প্রস্তাবনা দিয়েছে সংগঠনটি।

হলগুলোর নতুন নামের জন্য জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের সম্মান জানিয়ে জুলাই জাগরণী, সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ফেলানী, অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং বাংলার অবিসংবাদিত নেতা শের-এ-বাংলা এ কে ফজলুল হকের নাম প্রস্তাব দিয়েছে তারা।

এতে ১০ নং (ছাত্র) হলের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ২১ নং (ছাত্র) হলের জন্য শের-এ-বাংলা এ কে ফজলুল হক, ১৩ নং (ছাত্রী) হলের জন্য জুলাই জাগরণী এবং ১৫ নং (ছাত্রী) হলের জন্য শহীদ ফেলানী খাতুন নাম প্রস্তাবনা দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ছাত্রচেতনা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা এই নামগুলো প্রস্তাব করছি। প্রস্তাবিত নামসমূহ যেমন বাংলার প্রগতিশীল রাজনৈতিক ঐতিহ্যকে সম্মান জানায়, তেমনি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিকতম ঐতিহাসিক অধ্যায়-জুলাই অভ্যুত্থানের চেতনা ও আত্মত্যাগকে স্মরণ করে।

এতে আরও বলা হয়, আমরা বিশ্বাস করি, এই নামগুলো দলীয় বা বিতর্কিত নয় বরং সময়োপযোগী, সম্মানজনক ও শিক্ষার্থীদের মুল্যবোধের সঙ্গে সম্পৃক্ত। বিশ্ববিদ্যালয়ের সার্বজনীনতা ও অসাম্প্রদায়িক চরিত্রকে সমুন্নত রাখতে এসব নাম বিবেচনায় রাখার আশাব্যক্ত করছি।

এ বিষয়ে জানতে চাইলে নিসচা, জাবি শাখার আহ্বায়ক তানভীর রহমান বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজের অবদান, আত্মত্যাগ, চেতনা ও প্রগতিশীল ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) , জাবি শাখা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ডাকে সাড়া দিয়ে চারটি হলের জন্য নাম প্রস্তাব করেছে।’

তিনি আরও বলেন, এই নামগুলো দল-মতের ঊর্ধ্বে, ইতিহাস ও মানবিকতার পক্ষে। এই প্রস্তাবনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ন্যায়, সাহস ও গণতন্ত্রের পথরেখা হয়ে থাকবে বলে তিনি আশা করেন।’

এর আগে, গত ১৭ মার্চ শেখ রাসেল হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ হাসিনা হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বাতিল করে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

Exit mobile version