Site icon Daily Dhaka Press

জাবির ৪ হলের নাম পরিবর্তনে সুপারিশ জমা

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে থাকা চারটি আবাসিক হলের নাম পরিবর্তনের লক্ষ্যে গঠিত কমিটি তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে এ প্রতিবেদন হস্তান্তর করা হয়।

উপাচার্যের দপ্তরে প্রতিবেদন জমা দেওয়ার সময় কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, শিক্ষক সমিতির সভাপতি ও কমিটির সদস্য অধ্যাপক ড. মো. সোহেল রানা, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা এবং জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ও কমিটির সদস্য সচিব ড. মোহাম্মদ মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কমিটির অন্যতম সদস্য অধ্যাপক নাসরীন সুলতানা বলেন, “চারটি হলের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক সমিতি ও অন্যান্য অংশীজনদের সঙ্গে মতামত বিনিময়ের পাশাপাশি অনলাইনেও মতামত গ্রহণ করা হয়েছে। সব দিক বিবেচনা করেই আমরা নতুন নামের সুপারিশ করেছি।”

উল্লেখ্য, ঐতিহাসিক জুলাই আন্দোলনের পর শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে থাকা চারটি আবাসিক হলের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে গত ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অধ্যাপক মাফরুহী সাত্তারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়।

Exit mobile version