Site icon Daily Dhaka Press

ঙ্গোপসাগরে মাছ ধরার নৌযান ডুবে নিখোঁজ ৮

বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে একটি মাছ ধরার নৌযান ডুবে আট জেলে নিখোঁজ রয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে অন্য একটি নৌযানের ধাক্কায় সেটি ডুবে যায়। নিখোঁজ জেলেদের উদ্ধারে সাগরে তল্লাশি চালাচ্ছে কোস্টগার্ড।

ডুবে যাওয়া নৌযানটিতে ১৯ জেলে ছিলেন, এর মধ্যে ৮ নিখোঁজ থাকলেও বাকি ১১ জনকে অদূরে থাকা একটি নৌকা উদ্ধার করে। নিখোঁজ জেলেদের সবাই নোয়াখালীর বাসিন্দা। তাঁদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তাঁরা হলেন আবুল বাশার, জামাল উদ্দিন, মো. ফারুক ও মো. ইদ্রিস।

কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব আজ শুক্রবার বেলা একটায় বলেন, নৌযানের মালিক আজ সকালে বিষয়টি কোস্টগার্ডকে জানিয়েছেন। এরপর নিখোঁজ জেলেদের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করেছে কোস্টগার্ড।

ডুবে যাওয়া নৌযানের মালিক মোহাম্মদ মিরাজ আজ বেলা দুইটার দিকে  বলেন, গতকাল সকালে চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকা থেকে নৌযানটি গভীর সাগরে মাছ ধরতে গিয়েছিল। দুপুরে অন্য একটি মাছ ধরার নৌযানের ধাক্কায় সেটি ডুবে যায়। নৌযানে থাকা ১১ জনকে সাগরে ভাসমান অবস্থায় অন্য একটি নৌকা উদ্ধার করেছে, তবে এখন পর্যন্ত আটজনকে পাওয়া যায়নি। নিখোঁজ জেলেদের সন্ধানে একটি বড় নৌকা নিয়ে গভীর সাগরে যাচ্ছেন বলেও জানান মোহাম্মদ মিরাজ।

Exit mobile version