
জাবি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার বর্ধিত আহ্বায়ক কমিটি ও নতুন হল কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে পদ পেয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪৯তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও ভ্রুণ হত্যায় অভিযুক্ত সৈয়দ শাহ শাফায়েত ঋদ্ধ। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স বিভাগে প্রফেশনাল মাস্টার্সে অধ্যয়নরত।
আজ শুক্রবার (৮ আগস্ট) যথাক্রমে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক এবং জাবি শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দীন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়।
বর্ধিত কমিটিতে সদস্য পদে এবং আল-বেরুনী হল কমিটির সিনিয়র সহ-সভাপতি পদ পেয়েছেন সৈয়দ শাহ শাফায়েত ঋদ্ধ। ঋদ্ধর বিরুদ্ধে এবছরের ৯মে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলে এক নারী শিক্ষার্থী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ করে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে জানা গেছে।
একদিকে সাবেক ছাত্রের পাশাপাশি ভ্রুণ হত্যায় অভিযুক্ত হওয়ার পরও ছাত্রদলের কমিটিতে স্থান পাওয়ার বিষয়ে জাবি ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, আমি তাঁর এই বিষয়টা সম্পর্কে মাত্র অবগত হলাম। ঘটনার সত্যাসত্য প্রমাণ হলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
জাবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফয়সাল হোসেন বলেন :কারও বিষয়ে কোনো অভিযোগ থেকে থাকে আমাদের আহবায়ক ও সদস্য সচিব তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবে এবং এটা সেন্ট্রালকে জানানো হবে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.