Site icon Daily Dhaka Press

জাবি ছাত্রদলের কমিটিতে পদ দিতে টাকা দাবির অভিযোগ দুই শীর্ষ নেতার বিরুদ্ধে 

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে পদ দিতে টাকা দাবির অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের বিরুদ্ধে।

রবিবার (১০ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের ৪১ তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী মো. ইউনুস আলী এমন অভিযোগ করেন।

অভিযোগ জানিয়ে মো. ইউনুস আলী বলেন, কয়েকদিন আগে ৪৬ তম ব্যাচের এক শিক্ষার্থী এবং আহ্বায়ক কমিটির সদস্য আমার কাছে এসে বলে টাকা দিলে কমিটিতে নিশ্চিত পদ মিলবে। তখন সে আমাকে শীর্ষ দুই নেতার রেফারেন্সে গ্যারান্টি দেয় এবং টাকা ছাড়া পদ নেওয়া কঠিন বলে জানায়। পরবর্তীতে আমি জানতে পারি তারা আহ্বায়ক-সদস্য সচিবের হয়ে আমার কাছে টাকা নিতে এসেছিল। কিন্তু আমি টাকা দিতে অস্বীকার করি এবং এর পরিণতি হিসেবে আমাকে কোন পদে রাখা হয়নি।

তিনি আরও বলেন, ছাত্রদল করার কারণে আমি শিক্ষাজীবন শেষ করতে পারিনি। আমার অনার্স এবং মাস্টার্স দেওয়ার কোন সুযোগ ছিল না। অনেক ত্যাগ স্বীকার করে ছাত্রদল করার পর আজকে আমাদের অবস্থা। টাকা ছাড়া পদ দিতেও চায়না।

অভিযোগের বিষয়ে জানতে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাদের।

Exit mobile version