জাবি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার বর্ধিত আহ্বায়ক কমিটি ও নতুন হল কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শহীদ সালাম-বরকত হল ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ আলিফ।
শুক্রবার (৮ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সাক্ষরিত এবং জাবি শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দীন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক অনুমোদিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

এ কমিটিতে পদায়ন পাওয়া আব্দুল্লাহ আলিফ শাখা ছাত্রলীগের কর্মী ছিলেন এবং হলের ব্লকে অবস্থান করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিভিন্ন মিছিল মিটিংয়ে নিয়মিত অংশ নিতেন তিনি। এছাড়াও জাবি ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেলের ঘনিষ্ঠ হিসাবে তিনি ক্যাম্পাসে পরিচিত ছিলেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল্লাহ আলিফ বলেন, " আমি কখনো মন থেকে ছাত্রলীগ করিনি। সবসময় এড়িয়ে চলার চেষ্টা করতাম। আর সবসময় ওদের পিছনে পিছনে থাকতাম। কখনো সামনে আসিনি। ব্লকে তৃতীয় বর্ষে এসে উঠেছি। কিন্তু এখন মন থেকেই ছাত্রদল করি এবং ছাত্রদলকে ভালোবাসি। তাই সামনে থেকেই রাজনীতি করি।"
ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের কর্মী পদ পাওয়ার বিষয়ে জানতে চাইলে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তারা কেউ ফোন ধরেননি।
উল্লেখ্য, ৮ আগস্ট জাবি ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে মেয়েদের ৬ টি হল ও ছেলেদের ১১ টি হলের কমিটি প্রকাশ করা হয়।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.